আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন ক্রিকেট প্রশাসক তথা দেশছাড়া ব্যবসায়ী ললিত মোদী। সম্প্রতি এক সাক্ষাৎাকারে সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। এ বার তাঁর জীবনীচিত্র নিয়ে আলোচনা শুরু। কিছু দিন আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে সরগরম ছিল। এ বার আলোচনায় ললিত মোদীর জীবনীচিত্র।
ইতিমধ্যেই জীবনীচিত্রের কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তাঁর চরিত্রে অভিনয় করবেন কে? বর্তমানে লন্ডননিবাসী ললিত জানিয়েছেন, অভিনেতা রণবীর সিংহ খুবই আগ্রহী তাঁর চরিত্রে অভিনয় করার জন্য। সাক্ষাৎকারে ললিত বলেন, “দীপিকার (পাড়ুকোন) সঙ্গেই আমার পরিচয়। রণবীরের সঙ্গে কোনও আলাপ ছিল না। এক দিন হঠাৎই ফোন পাই। জানতে পারি, লন্ডনে এসেছে রণবীর। আমার সঙ্গে দেখা করতে চায়। আমার চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক রণবীর।”
ললিত যোগ করেন, এখন আদৌ রণবীর তাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে আগ্রহী হবেন কিনা তা জানা নেই। কারণ, দু’বছর আগে রণবীরের যা অবস্থান ছিল, তা এখন পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই অনেকের সঙ্গে কথাবার্তা চলছে। বেশ কিছু শিল্পীর সঙ্গে কথোপকথন হয়েছে ললিতের। কিন্তু এখনও চূড়ান্ত কিছু হয়নি।
প্রসঙ্গত, ‘ধুরন্ধর’-এর পরে সাফল্যের মধ্যগগনে রণবীর। ফলে ললিতের জীবনীচিত্রে অভিনয় করতে ইচ্ছুক হবেন কি না তিনি তা নিয়েও ধন্দে আছেন তিনি। এমনিতেই ‘ডন ৩’ ছবির জন্য বিতর্কে জড়িয়েছে নায়কের নাম।