Advertisement
E-Paper

রণবীরের মাথায় ঝুলছে ৪৫ কোটি টাকার দায়! অভিনেতা কি নিস্তার পাবেন? কী মত আইনজীবীদের?

সুপ্রিম কোর্টের আইনজীবী দক্ষ কুমার এবং তনিষ্ক মেহতা এই বিষয়ের আইনি দিকগুলি নিয়ে কথা বলেছেন। রণবীরের থেকে ৪৫ কোটি টাকা দাবি করেছে প্রযোজনা সংস্থা। রণবীর কি এর থেকে নিস্তার পাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৬:৩০
রণবীর কি ৪৫ কোটি টাকার দায় থেকে মুক্তি পাবেন?

রণবীর কি ৪৫ কোটি টাকার দায় থেকে মুক্তি পাবেন? ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই বিতর্কে রণবীর সিংহ। অভিযোগ, ছবির চুক্তিতে সই করেও বেরিয়ে গিয়েছেন শুটিং শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে। এর জেরে ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি ফেডারেশনের পক্ষ থেকে সেই ‘নিষেধাজ্ঞা’ তুলেও নেওয়া হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা কি আদৌ যুক্তিযুক্ত?

সুপ্রিম কোর্টের আইনজীবী দক্ষ কুমার এবং তনিষ্ক মেহতা এই বিষয়ের আইনি দিকগুলি নিয়ে কথা বলেছেন। রণবীরের থেকে ৪৫ কোটি টাকা দাবি করেছে প্রযোজনা সংস্থা। রণবীর কি এর থেকে নিস্তার পাবেন? এই প্রশ্নও উঠেছে যে, কোনও বলিউড তারকা যদি একটি ছবি থেকে সরে দাঁড়ান, তাহলে আইনত কী কী ঘটে?

দক্ষ কুমারের মতে, ছবির শুটিং শুরু হওয়ার আগেই চুক্তি হয়ে যায় তারকাদের সঙ্গে এবং তখন থেকেই চুক্তি কার্যকর হয়ে যায়। তিনি বলেন, “যদি চুক্তি লিখিত হয়, দুই পক্ষ স্বাক্ষর করে এবং এর বিনিময়ে অর্থ বা অন্য কোনও সুবিধা দেওয়া হয় কাউকে, তাহলে অবশ্যই তিনি আইনত চুক্তিবদ্ধ। চুক্তি স্বাক্ষরের দিন থেকেই সব কার্যকর হয়। শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না।”

লিখিত চুক্তির গুরুত্ব নিয়েও কথা বলেছেন আইনজীবীরা। তাঁদের মতে, মৌখিক চুক্তি তুলনামূলক ভাবে দুর্বল হলেও, ই-মেল, মেসেজে অর্থ লেনদেন বা আংশিক কাজের প্রমাণ থাকলে সেগুলিও আদালতে গুরুত্ব পেতে পারে। অর্থাৎ, যদি রণবীর এবং প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেনমেন্ট’ মধ্যে ‘ডন ৩’-এর ঘোষণার আগেই কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়ে থাকে, তা হলে সেই দায়বদ্ধতা চুক্তি স্বাক্ষরের দিন থেকেই কার্যকর হয়েছে বলে ধরা হবে।

কিন্তু, ছবির ঘোষণার পরে যদি অভিনেতা সরে যান, তাহলে কী হবে? তনিষ্ক মেহতা জানান, একটি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাওয়ার পর পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে যায়। তিনি বলেন, “আইন অনুযায়ী প্রযোজক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। এর মধ্যে লোকেশন রেকি, কর্মীদের বেতন, প্রি-প্রোডাকশন খরচ ইত্যাদির দাবি করতেই পারে প্রযোজনা সংস্থা।” তবে অভিনেতারও নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখানোর সুযোগ থাকে বলে জানান আইনজীবীরা। তনিষ্ক মেহতার কথায়, “অভিনেতা দাবি করতে পারেন যে, তাঁকে অর্থ প্রদান করা হয়নি। ছবির সৃজনশীল দিক চুক্তির বাইরে চলে গিয়েছে, এই যুক্তিও তিনি দিতে পারেন। অথবা তাঁর উপরে অযৌক্তিক সময়সূচি চাপিয়ে দেওয়া হয়েছে, তা-ও বলতে পারেন।”

‘ডন ৩’ বিতর্কে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। দক্ষ কুমারের মতে, কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হয়। এমনকি, কিছু ক্ষেত্রে সুদ-সমেত ক্ষতিপূরণও দিতে হতে পারে। তবে সবই ঘটনাপ্রবাহ বিচার করে তার পরে নির্ধারণ করা হয়।

Ranveer Singh Don 3
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy