পরিস্থিতি দু’জনেরই প্রায় এক। নাতাশা স্তানকোভিচ ও মাহী বিজ, দু’জনেই বিবাহবিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন। দু’জনের দাম্পত্যে চিড় ধরা নিয়েই প্রবল আলোচনা হয়েছে। তবু মা হিসাবে নাতাশাকে অনেক বেশি নম্বর দিচ্ছেন মাহি। কেন?
ক্রিকেটতারকা হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে নাতাশার। ছেলের অভিভাবকত্ব নিজেদের মতো করে ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর পরই হার্দিকের একাধিক সম্পর্কের কথা শোনা গিয়েছে। কখনও গায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর, কখনও আবার মডেল বা অভিনেত্রীর সঙ্গে। এই মুহূর্তে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক। মাহিকার সঙ্গে হার্দিককে প্রায়ই দেখা যায়। বহু বার খেলোয়াড়ের পাঁচ বছরের ছেলে অগস্ত্যকেও দেখা গিয়েছে মাহিকার তত্ত্বাবধানে। সম্প্রতি অগস্ত্যকে আদুরে চুম্বনে ভরাচ্ছেন মাহিকা, এমন একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী মাহি। ভিডিয়োর সঙ্গে লেখেন, ‘‘একটা সুন্দর পৃথিবী হয়তো এমনই দেখতে হয়। যেখানে সন্তান ঘৃণা নয়, শুধু ভালবাসতে শিখবে। মায়ের ভূমিকায় তুমি দুর্দান্ত কাজ করছ নাতাশা।’’
প্রসঙ্গত, মায়ের সঙ্গেই মূলত থাকে অগস্ত্য। তবে কখনও তাকে মাহিকার সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে, কখনও আবার তাঁর কোলে বসে বাবার খেলা দেখতে দেখা গিয়েছে। উল্লেখ্য, এই সমস্ত জায়গায় কোনও ভাবেই উপস্থিত ছিলেন না নাতাশা। ফলে বোঝাই যাচ্ছে, বাবা-মায়ের সম্পর্কে ছেদ পড়লেও সন্তানের মনে তার আঁচ পড়তে দেননি তাঁরা। মাহিকার সঙ্গে হার্দিক-পুত্রের এমন সহজ সম্পর্ক মন কেড়েছে অনেকের। তাঁদেরই অন্যতম মাহি।