Advertisement
E-Paper

৩০ বছর পরে জুটিতে ননদ-বৌদি! মঞ্চে নৃত্য পরিবেশন করলেন মমতা-তনুশ্রীশঙ্কর, দূরত্ব কি মুছল?

“কোনও দূরত্ব ছিল না। নিজেদের কাজে নিজেরা ব্যস্ত ছিলাম। তাই একসঙ্গে অনেক বছর কাজ করা হয়নি”, বললেন মমতাশঙ্কর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৮:৫৭
তনুশ্রীশঙ্কর এবং মমতাশঙ্কর।

তনুশ্রীশঙ্কর এবং মমতাশঙ্কর। ছবি: ফেসবুক।

দীর্ঘ ৩০ বছর পর হঠাৎ মিলন! আগে থেকে কিছু ঠিকও ছিল না। তবু তাঁরা চোখ জুড়িয়ে দিলেন। মঙ্গলবারের কলকাতা সাক্ষী থাকল মমতাশঙ্কর-তনুশ্রীশঙ্করের যৌথ নৃত্যানুষ্ঠানের। আনন্দবাজার ডট কম-এর কাছে সে কথা জানিয়ে মমতাশঙ্কর বললেন, “অনেক বছর পরে আমরা একসঙ্গে অনুষ্ঠান করলাম। আনন্দে ভাসছি।”

পেশায় তাঁরা নৃত্যশিল্পী, অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে তাঁরা শঙ্কর পরিবারের সদস্য, ননদ-বৌদি। এত বছর পরে একসঙ্গে মঞ্চে...! প্রসঙ্গ তুলতেই স্মৃতি উজাড় করলেন মমতাশঙ্কর। বললেন, “কী যে ভাল লাগল। ছোটবেলায় একসঙ্গে কম নাচের অনুষ্ঠান করেছি? ‘রামায়ণ’-এ আমি রাম হয়েছি। বৌদি তাড়কা।” একাধিক বার এমনও হয়েছে, আন্তর্জাতিক সেতারশিল্পী রবিশঙ্করের বাজনায় তালে একসঙ্গে নেচেছেন তাঁরা। এ দিন সে সব কথা বারে বারে মনে পড়েছে উদয়-অমলাশঙ্কর কন্যার।

৩০ বছর পরে এক মঞ্চে মমতা এবং তনুশ্রী শঙ্কর।

৩০ বছর পরে এক মঞ্চে মমতা এবং তনুশ্রী শঙ্কর। ছবি: সংগৃহীত।

মমতাশঙ্কর আরও খুশি, তাঁদের একসঙ্গে নাচের মুহূর্ত সমাজমাধ্যমে প্রথম ছড়িয়ে দিয়েছেন ভাইঝি শ্রীনন্দাশঙ্কর।

Advertisement

তা হলে মাঝে কেন এত দূরত্ব? কেনই বা এত দিন আর একসঙ্গে কাজ করলেন না তাঁরা?

মমতাশঙ্কর বললেন, “আমরা বড় হয়েছি। নিজেদের বৃত্ত তৈরি হয়েছে। স্বাধীন ভাবে নিজেদের মতো করে কাজ করেছি। সেই কারণেই অনেকগুলো বছর আর একসঙ্গে কাজ করা হয়নি। এ ছাড়া, আর কোনও কারণ নেই।” তিনি এ-ও জানান, শহরের একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি আর তনুশ্রীশঙ্কর। হঠাৎই মঞ্চে তাঁদের নাম ঘোষণা হয়। “আগে থেকে কিছু ঠিক ছিল না। আমরা একসঙ্গে মহড়াও দিইনি। আমাদের আহ্বান জানানোয় উঠে যাই। দাদা আনন্দশঙ্করের একটি বাজনার ছন্দে আমরা আমাদের নিজেদের মতো করে একসঙ্গে নেচে উঠি।”

আগামী দিনে কি আবার মমতা-তনুশ্রীশঙ্কর জুটি মঞ্চে ফিরবেন? হলে তাঁর থেকে বেশি খুশি আর কেউ হবেন না, এক নিঃশ্বাসে জানালেন মমতাশঙ্কর।

Mamata Shankar Tanushree Shankar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy