‘মির্জ়াপুর’, ‘লাপতা লেডিজ়’-এর মতো একাধিক ছবিতে নজর কেড়েছেন অভিনেতা সত্যেন্দ্র সোনি। তিনি এ বার বিস্ফোরক অভিযোগ করলেন নতুন ছবি ‘পেড় পালকি’র নির্মাতাদের বিরুদ্ধে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে অভিনেতাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সত্যেন্দ্রের অভিযোগ, ছবির জন্য সম্পূর্ণ পারিশ্রমিক পাননি তিনি। এমনকি বাকি টাকা চাইতে গেলে তাঁকে নাকি হুমকিও দেওয়া হয়।
সতেন্দ্র জানান, পুষ্পেন্দ্র সিংহ পরিচালিত ও প্রযোজিত ‘পেড় পালকি’ ছবির শুটিংয়ের জন্য তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। পুষ্পেন্দ্র এর আগে ‘অজমেঢ় ৯২’ ছবির পরিচালনা করেছিলেন।
অভিনেতার দাবি, শুটিং শুরুর আগে তাঁকে অগ্রিম বাবদ মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি পারিশ্রমিক শুটিং চলাকালীন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানান তিনি। কিন্তু শুটিংয়ের অধিকাংশ শেষ হওয়ার পরে তিনি যখন বকেয়া টাকা চান, তখন হঠাৎ করেই নাকি তাঁর অংশের শুটিং শেষ করে দেওয়া হয়। এমনকি তাঁকে মাত্র ১০ মিনিটের মধ্যে হোটেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয় বলে অভিযোগ।
এখানেই শেষ নয়। সমাজমাধ্যমে সতেন্দ্রের আরও বিস্ফোরক অভিযোগ, পরিচালক এবং পরিচালকের স্ত্রী তাঁর উপর চড়াও হয়ে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যান। সেই মুহূর্তে অভিনেতার মনে হয়েছিল, যেন তাঁকে অপহরণ করা হচ্ছে। অভিনেতার অভিযোগ, “আমি, শ্রীধর দুবে (অভিনেতা) এবং পঙ্কজ শর্মা (অভিনেতা) হাঁটছিলাম। সেই সময়ে পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে আমাদের অনুসরণ করতে থাকেন। আমাকে দেখেই তাঁরা রাস্তার মাঝখানে আমার উপর চড়াও হন। মারধর শুরু করেন। আমাকে বাঁচাতে শ্রীধরদা এগিয়ে এলে পরিচালক তাঁর সঙ্গেও মারপিট করেন। এর পর সুযোগ বুঝে প্রগতি চৌহান আমাকে টেনেহিঁচড়ে নিয়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেন এবং আমার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। মনে হচ্ছিল, যেন আমাকে অপহরণ করা হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, “শ্রীধরদাকেও জোর করে গাড়িতে তোলা হয়। ধস্তাধস্তিতে ওঁর শার্ট পর্যন্ত ছিঁড়ে যায়। গাড়িতে তোলার পর দু’জনে আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। হুমকি দিতে থাকেন, ‘এটা আমাদের এলাকা’।”
আরও পড়ুন:
শেষে সতেন্দ্র লেখেন, “আমি সবাইকে সতর্ক করতে চাই। আমার মতে, এই স্বামী-স্ত্রী দু’জনেই প্রতারক। আমি সকলকে অনুরোধ করব, ভবিষ্যতে তাঁদের সঙ্গে কাজ না করতে।” এর পরে আলাদা করে সতেন্দ্র জানান, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে অবশেষে তিনি নিরাপদে মুম্বই ফিরে এসেছেন।
উল্লেখ্য, এই সবকিছুই সত্যেন্দ্রের অভিযোগ। অভিনেতার একের পর এক গুরুতর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ‘পেড় পালকি’র নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁরা কোনও বিবৃতিও দেননি।