Advertisement
E-Paper

বিছানা থেকে রান্নাঘর, জিম! কোন কোন তারকার কাছে রয়েছে দামি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান?

কয়েক জন তারকার নিজস্ব ভ্যানিটি ভ্যান রয়েছে। তাঁরা নিজেদের ভ্যানিটি ভ্যানই শুটিং সেটে নিয়ে যান। এঁদের মধ্যে কয়েক জন অভিনেতার ভ্যানিটি ভ্যানের দাম আকাশছোঁয়া। দেখে নেওয়া যাক, তাঁরা কারা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭
বলিউডের সবচেয়ে দামি ভ্যান কার কাছে?

বলিউডের সবচেয়ে দামি ভ্যান কার কাছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডের তারকাদের দামি ভ্যানিটি ভ্যানের প্রয়োজন প়ড়ে। সেই সঙ্গে আরও বেশ কিছু চাহিদা থাকে তাঁদের। গত বছর এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন আমির খান। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজকও। দাবি করেছিলেন, কয়েক জন তারকা একাধিক ভ্যানিটি ভ্যানের দাবিও রাখেন। তবে কিছু তারকার নিজস্ব ভ্যানিটি ভ্যানও রয়েছে। তাঁরা নিজেদের ভ্যানই শুটিং সেটে নিয়ে যান। এঁদের মধ্যে কয়েক জন অভিনেতার ভ্যানিটি ভ্যানের দাম আকাশছোঁয়া। দেখে নেওয়া যাক, তাঁরা কারা?

১) দক্ষিণের তারকা অল্লু অর্জুনের ভ্যানিটি ভ্যানের দাম ৭ কোটি টাকা। ভারতের অন্য কোনও তারকার কাছে এত দামি ভ্যানিটি ভ্যান নেই। তাঁর ভ্যানিটি ভ্যানের রং কালো। অন্দরসজ্জা পাঁচতারা হোটেলের মতো তৈরি। ভ্যানের ভিতরে বিছানা থেকে শুরু করে সমস্ত সুবিধা রয়েছে। আলোতেও রয়েছে বিশেষ চমক।

২) ভ্যানিটি ভ্যান নিয়ে খুঁতখুঁতে শাহরুখ খানও। বলিউডের বাদশার ভ্যানিটি ভ্যানের অন্দরসজ্জা করেছেন দিলীপ ছাবরিয়া। মেঝে তৈরি হয়েছে কাচের মতো দেখতে এক বিশেষ দ্রব্য দিয়ে। ভিতরে প্রযুক্তিগত নানা সুবিধা রয়েছে। রয়েছে আস্ত একটি জিম। এই ভ্যানিটি ভ্যান তৈরি করতে খরচ হয়েছে ৪ থেকে ৫ কোটি টাকা।

৩) আট ঘণ্টার বেশি একটি মিনিটও কাজ করেন না অক্ষয় কুমার। বিরতিতে ভ্যানিটি ভ্যানে এসে বসেন। তাঁর ভ্যানিটি ভ্যানের মধ্যে রয়েছে ডাইনিং এরিয়া এবং রান্নাঘরও। শোনা যায়, ৫ কোটি টাকা খরচ করে এই ভ্যানিটি ভ্যানটি তৈরি করেছেন তিনি।

৪) সলমন খানের ভ্যানিটি ভ্যানে রয়েছে আধুনিকের ছোঁয়া। সেখানে রয়েছে একটি রিহার্সাল রুমও। ভাইজানের ভ্যানিটি ভ্যান তৈরিতে খরচ হয়েছে ৪ কোটি টাকা, খবর এমনই।

৫) হৃতিক রোশনের ভ্যানিটি ভ্যান লম্বায় ১২ মিটার। তিনটি ভাগে ভাগ করা সেটি। একাধিক এলইডি স্ক্রিন রয়েছে তার অন্দরে। তা ছাড়া একটি শোয়ার ঘর ও একটি বসার ঘর রয়েছে। হৃতিকের ভ্যানিটি ভ্যান তৈরি করতে খরচ হয়েছে ৪ কোটি টাকা।

এই পাঁচ তারকা ছাড়াও সঞ্জয় দত্তেরও রয়েছে দামি ও বিলাসবহুল ভ্যানিটি ভ্যান। তাঁর ভ্যানের মূল্য ৩.১৫ কোটি টাকা। তার পরেই রয়েছেন রণবীর সিংহ। অভিনেত্রীদের মধ্যে এই তালিকায় সবার উপরে নাম রয়েছে দীপিকা পাড়ুকোনের। তাঁর ভ্যানিটি ভ্যানের মধ্যে একটি ব্যক্তিগত ঘর রয়েছে। আর রয়েছে একটি বসার ঘর। এই ভ্যানিটি ভ্যান তৈরি করতে খরচ হয়েছে ২ কোটি টাকা।

আলিয়া ভট্টের ভ্যানিটি ভ্যানের অন্দরসজ্জা করেছেন গৌরী খান। অভিনেত্রীর ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে রঙিন ভাবে সাজানো হয়েছে সেই ভ্যান। কঙ্গনা রনৌতের ভ্যানিটি ভ্যানও ব্যয়বহুল। শুধু অন্দরসজ্জাতেই তিনি নাকি ৬৫ লক্ষ টাকা খরচ করেছেন।

Shah Rukh Khan Allu Arjun Deepika Padukone Hrithik Roshan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy