বিয়ে সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বহু দিন ধরে জল্পনা ছিল তাঁদের বিয়ে নিয়ে। অবশেষে বৃহস্পতিবার বিয়ের আসর থেকে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন তারকাদম্পতি। কোথাও দেখা গিয়েছে, বিজয়ের নাকে চুম্বন করছেন রশ্মিকা। কোথাও আবার আবেগপ্রবণ রশ্মিকার চোখ ভিজে উঠছে। ‘ডিয়ার কমরেড’ ছবি থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমের সফর।
‘অর্জুন রেড্ডী’ ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন বিজয়। বলিউডে যদিও এখনও তাঁর কোনও সফল ছবি নেই। অনন্যা পাণ্ডের বিপরীতে তাঁর ছবি ‘লাইগার’ মুখ থুবড়ে পড়ে। অন্য দিকে বলিউডে পর পর ছবি করে চলেছেন রশ্মিকা। বেশির ভাগ ছবিই সফল। তাঁর ঝুলিতে রয়েছে ‘ছাওয়া’, ‘অ্যানিম্যাল’-এর মতো বক্সঅফিস কাঁপানো বলিউড ছবি। গত কয়েক বছরে সম্পত্তির পরিমাণও বেড়েছে রশ্মিকার। কিন্তু সাম্প্রতিক তেমন সফল ছবি নেই বিজয়ের ঝুলিতে।
শোনা যায়, রশ্মিকার সম্পত্তির পরিমাণ ৬৬ কোটি টাকা। ছবিপ্রতি তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। এ ছাড়াও ব্র্যান্ডের হয়ে প্রচার করে ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেও উপার্জন করেন ‘পুষ্পা’খ্যাত নায়িকা।
আরও পড়ুন:
একাধিক বাসস্থান রয়েছে রশ্মিকার। বেঙ্গালুরুতে ৮ কোটি মূল্যের ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। এ ছাড়াও মুম্বই, হায়দরাবাদ, গোয়ায় ফ্ল্যাট রয়েছে। নিজভূম কুর্গ-এও রয়েছে তাঁর একটি বাড়ি, যার দাম ৮ কোটি টাকা। এই বাড়ির অন্দরসজ্জাতেও নাকি বড় অঙ্ক খরচ করেছেন তিনি। রশ্মিকার গাড়ির সম্ভারে রয়েছে রেঞ্জ রোভার, অডি, মার্সি়ডিজ়, টয়োটা, হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি।
বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ৬৬ থেকে ৭০ কোটির মধ্যে বলে শোনা যায়। অভিনয়ের পাশাপাশি তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। রিয়্যাল এস্টেট-এ নিয়মিত বিনিয়োগও করেন তিনি। প্রতি ছবির জন্য ১২ কোটি থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। অন্য ব্র্যান্ডের হয়ে প্রচার করেও বড় অঙ্ক উপার্জন করেন তিনি। ইনস্টাগ্রামে অন্য কোনও ব্র্যান্ডের হয়ে পোস্ট করতে ৪০ লক্ষ করে নেন বিজয়।
হায়দরাবাদে বিজয়ের একটি বাংলো রয়েছে যার দাম ১৫ কোটি টাকা। গাড়ির সম্ভারও লোভনীয়। শোনা যায়, বিজয়ের একটি প্রাইভেট জেটও রয়েছে যার দাম ৩০ কোটি টাকা।
বলিউডে রশ্মিকা এখন প্রভাবশালী নাম। বিজয় সেই ভাবে জমি শক্ত করতে পারেননি। কিন্তু সেই প্রভাব পড়েনি সম্পর্কে। পরস্পরকে সমান জায়গায় রেখে এগিয়ে চলেছেন ‘বিরোশ’।