বাস্তবে কোনও দিন ‘দুষ্টুমি’ করেননি। অথচ পর্দায় বরাবর তিনি খলনায়ক! আনন্দবাজার ডট কম-এর কাছে আফসোস অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের। সদ্য বিয়ে সেরেছেন। মানালীতে মধুচন্দ্রিমা, স্বর্ণমন্দিরে প্রার্থনা সেরে কলকাতায় ফিরেছেন। এ বার পর্দায় ফেরার পালা।
পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের নতুন ধারাবাহিক ‘কমলানিবাস’-এ আবার মৃত্যুঞ্জয় খলনায়ক! ছোটপর্দায় তিনি ‘রাঘব’ হয়ে ফিরছেন।
অভিনয়ের পাশাপাশি মৃত্যুঞ্জয় ইঞ্জিনিয়ার। চাকরি করেন আইটি ফার্মে। তাঁর স্ত্রী অভিনেত্রী, নেটপ্রভাবী। বিয়ের পর আরও একটি নতুন দায়িত্ব। সব সামলাতে পারছেন অভিনেতা? মৃত্যুঞ্জয়ের কথায়, “সারা ক্ষণ ব্যস্ত থাকতে ভালবাসি। একসঙ্গে তাই অনেক কাজ করতে পারি। কোনও সমস্যা হয় না।” তার পর লাজুক হেসে যোগ করলেন, সহ-অভিনেতা, অফিসের সহকর্মীরা জানিয়েছেন, বৌয়ের ভালবাসায় তাঁর জৌলুস নাকি বে়ড়েছে। “আমার স্ত্রী খুব ভাল রান্না করেন। জমিয়ে খাওয়াদাওয়া করছি। এ বার জিমে গিয়ে ঝরাতে হবে।”
আরও পড়ুন:
দীর্ঘ দিন আকাশ আট চ্যানেলে ‘খনার কাহিনি’তে অভিনয় করলেও মৃত্যুঞ্জয়কে জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁর শেষ ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। সেখানে দ্বিতীয় নায়ক হয়ে পা রেখেছিলেন। খুব অল্প দিনেই দর্শকমহলে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। যদিও বেশি দিন তাঁকে দেখা যায়নি। নতুন ধারাবাহিকে কী ধরনের ‘দুষ্টুমি’ করবেন অভিনেতা? মৃত্যুঞ্জয় জানিয়েছেন, মাত্র একদিনের শুটিং হয়েছে। তাই এখন কিছুই বলতে পারছেন না। “আমার কাছে জনপ্রিয়তার থেকেও মানবচরিত্র দামি। তাই আজ পর্যন্ত বাস্তবে খলনায়ক হয়ে উঠতে পারলাম না”, আফসোস অভিনেতার।
জনপ্রিয় দক্ষিণী মেগা ধারাবাহিক ‘লক্ষ্মী নিবাস’-এর বাংলা রূপান্তর ‘কমলানিবাস’। পরিচালক রাজেন্দ্রপ্রসাদ জানিয়েছেন, এই ধারাবাহিকে মধ্যবিত্তের স্বপ্ন আর সাধপূরণের কথা বলার চেষ্টা করবেন তিনি। আশা, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মিঠাই’, ‘ফুলকি’র মতো এই ধারাবাহিকও দর্শক দেখবেন। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত। এ ছাড়াও দেখা যাবে চৈতালি চক্রবর্তী, শঙ্কর দেবনাথের মতো পোড় খাওয়া অভিনেতাকে।