Advertisement
E-Paper

পায়ে গুলি লাগে, তা-ও দমেনি! জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ দিল সেনা কুকুর ‘টাইসন’, তার দেখানো পথেই খতম তিন সন্ত্রাসী

সেনাবাহিনীর কর্তারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খোঁজ করছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু ‘টাইসন’ সময়মতো তাদের আস্তানা শনাক্ত করে দেওয়ার ফলে সন্ত্রাসীদের নির্মূল করার সম্ভব হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৭
সেনাবাহিনীর সারমেয় ‘টাইসন’।

সেনাবাহিনীর সারমেয় ‘টাইসন’। ছবি: সংগৃহীত।

সামনে সামনে এগোচ্ছে সে। পিছনে বন্দুকধারী সেনাবাহিনীর সদস্যেরা। জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের গোপন আস্তানা খুঁজে বার করতে অগ্রণী ভূমিকা নেয় সে। সেনাবাহিনীর সেই সারমেয় ‘টাইসন’ জঙ্গিদের গুলিতে আহত হয়। গুলি লাগে তার পায়ে। কিন্তু তোয়াক্কা না-করে লক্ষ্যে অবিচল ছিল সে। তার দেখানো পথে গিয়ে কিশ্তওয়ারে তিন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা!

ভারতীয় সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সে নিযুক্ত জার্মান শেফার্ড ‘টাইসন’। খবর ছিল কিশ্তওয়ারের ছত্রু এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কিন্তু ঠিক কোন জায়গায়, তা জানা ছিল না নিরাপত্তাবাহিনীর। জঙ্গিঘাঁটি খুঁজতে কাজে নেমে পড়ে ‘টাইসন’। সেনাবাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যায় দুর্গম এলাকায়। তাদের আস্তানার কাছাকাছি পৌঁছোতেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। তবে জঙ্গিদের ছোড়া একটা গুলি লাগে ‘টাইসন’-এর পায়ে। তবুও কর্তব্যে অবিচল ছিল সে। তার যাত্রা শেষ জঙ্গিদের আস্তানা শনাক্ত করার পরই।

সেনাবাহিনীর কর্তারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খোঁজ চলছিল। কিন্তু ‘টাইসন’ সময়মতো তাদের আস্তানা শনাক্ত করে দেওয়ার ফলে সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব হয়েছে। আহত ‘টাইসন’-কে বিমানে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানান সেনাকর্তারা।

গত বছরের নভেম্বরে কিশ্তওয়ারে ‘অপারেশন ছত্রু’ শুরু করে। সেই অভিযানে বেশ কয়েক জন জঙ্গিকে খতম করে সেনা। কিশ্তওয়াড়ের এই জঙ্গলে মাঝেমধ্যেই জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর আসে। তার পরই অভিযান চলে। রবিবারেও ছত্রুর সেই জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর আসতেই অভিযানে নামে সেনা। অভিযানে ছিল রাজ্য পুলিশের দলও।

রবিবারের অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে জইশের কমান্ডার সইফুল্লা রয়েছে বলে সেনা সূত্রে খবর। বাকি দু’জনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ ছিল সইফুল্লা। গত দু’বছর ধরে ওই এলাকায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে রবিবারের অভিযানে সইফুল্লার মৃত্যু হয়। আর তার নেপথ্যে রয়েছে ‘টাইসন’।

এই প্রথম নয়। এই ধরনের এক অভিযানে অতীতেও সেনা কুকুরেরা অগ্রণী ভূমিকা নিয়েছে। ২০২৪ সালে এক অভিযানের নেতৃত্বে ছিল ‘ফ্যান্টম’ নামে এক চতুষ্পদ সৈনিক। তবে সেই অভিযানে জঙ্গিদের গুলি মৃত্যু হয়েছিল তার। তবে ‘ফ্যান্টম’-এর দেখানো পথে সে বারও সাফল্য পেয়েছিল ভারতীয় সেনা। এ বার সেই দায়িত্ব নিল ‘টাইসন’।

Army Dog Indian Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy