Advertisement
E-Paper

হাজার তিক্ততার পরেও পরিবারেই মন নওয়াজ়ের, স্ত্রী-সন্তানদের জন্য দুবাই ছুটলেন অভিনেতা

আদালতের চৌহদ্দিতে ঘোরাফেরা করেছেন এত দিন ধরে। আইনি জট কিছুটা থিতিয়ে যাওয়ার পরে এ বার দুবাইয়ের দিকে রওনা দিলেন বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২০:৩৪
Nawazuddin Siddiqui is flying to Dubai to secure his two children and estranged wife Aaliya Siddiqui

স্ত্রী আলিয়া সিদ্দিকি ও দুই সন্তানের সঙ্গে দেখা করতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নওয়াজ়। — ফাইল চিত্র।

গত মাসের শেষ দিক থেকে সামান্য থিতিয়েছে আইনি জট। আদালতের চৌহদ্দি পেরিয়ে এ বার নিজের আগামী ছবির প্রচারে নেমেছেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। আপাতত অভিনেত্রী নেহা শর্মার সঙ্গে ‘যোগীরা সা রা রা রা’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা। পাশাপাশি, সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘অফওয়া’। ওই ছবির প্রচারেও কম-বেশি দেখা গিয়েছে তাঁকে। তবে পেশাগত দায়বদ্ধতার মধ্যেও পরিবারের জন্য সময় বার করেছেন নওয়াজ়। স্ত্রী আলিয়া সিদ্দিকি ও দুই সন্তানের সঙ্গে দেখা করতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অভিনেতা। আগামী দু-তিন দিনের মধ্যেই দুবাইয়ে পৌঁছবেন তিনি।

দুবাইয়ে পড়াশোনা করে নওয়াজ় ও আলিয়ার দুই সন্তান ইয়ানি ও শোরা। গত কয়েক মাস ধরে নওয়াজ় ও আলিয়ার দাম্পত্য কলহের প্রভাব পড়েছিল তাদের জীবনেও। প্রায় বন্ধ হতে বসেছিল ইয়ানি ও শোরার লেখাপড়া। সেই দিকে নজর দিয়ে গত এপ্রিলের প্রথম দিকে নওয়াজ় ও আলিয়ার দুই সন্তানকে দুবাই পাঠানোর নির্দেশ দেয় আদালত। আদালতের এই নির্দেশের প্রায় এক মাসের মাথায় দুবাইমুখী নওয়াজ়। নওয়াজ়ের স্ত্রী আলিয়ার দাবি, ‘‘আমি চাই, দুবাইয়ের বাড়ির চুক্তিতে নওয়াজ়ের নাম থাকুক। সব দায়িত্ব ওরই নেওয়ার কথা। তাই কোনও অসুবিধা হলে ওর নাম থাকলে, সে ক্ষেত্রে সমস্যার সমাধান করা সহজ হবে।’’ আলিয়া আরও বলেন, ‘‘আমার মেয়ে ভারতের থেকে দুবাই বেশি পছন্দ করে। আমি কাজের জন্য ভারত ও দুবাইয়ের মধ্যে যাতায়াত করব। আর্থিক দিক থেকে নওয়াজ় ওর দায়িত্ব পালন করছে। ও দুবাইয়ে এলে আমরা বাকি আলোচনা করব।’’

চলতি বছরের প্রথম দিকে নওয়াজ়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ তুলে আদালতে গিয়েছিলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি। পাল্টা আলিয়ার বিরুদ্ধেও মানহানির মামলা করেছিলেন নওয়াজ়। শুধু তাই নয়, আলিয়ার সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন নওয়াজ়ের মা মেহরুন্নিসা। দাম্পত্য কলহ মেটাতে একাধিক বার আদালতের দ্বারস্থ হয়েছেন আলিয়া ও নওয়াজ়। তবে এখনও আইনি ভাবে বিবাহবিচ্ছেদ হয়নি তাঁদের। দুবাইয়ে গিয়েই কি মীমাংসা হতে পারে তাঁদের দাম্পত্য কলহের। আপাতত সেই প্রশ্ন নিয়ে তুঙ্গে জল্পনা।

Nawazuddin Siddiqui nawazuddin siddiqui wife Aaliya Siddiqui Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy