‘ধুরন্ধর’-এর পরে এ বার বক্সঅফিসে ঝ়ড় তুলেছে ‘ধুরন্ধর ২’। বলিউড থেকে দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি— সকলেই রণবীর সিংহের প্রশংসায় পঞ্চমুখ। অথচ এত প্রশংসার ভিড়েও নীরব রণবীরের কাছের মানুষ। এমনিতে একে অপরের প্রশংসায় সারাক্ষণ বুঁদ থাকেন দীপিকা পাড়ুকোন ও রণবীর। কিন্তু, এ বার যেন মুখে কুলুপ এঁটেছেন তিনি। কেন চুপ অভিনেত্রী? ধন্দে নেটমহল।
আরও পড়ুন:
‘ধুরন্ধর ২’ যেমন প্রশংসিত হচ্ছে, তেমনই সমালোচিত হচ্ছে। অনেকেই এই ছবিকে ‘একপেশে’ বলে দাগিয়েছেন। বছরকয়েক আগে ‘ছপাক’ নামের একটি ছবিতে অভিনয় করেন দীপিকা। সেই সময়ে জেএনইউ-র ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতেই বিজেপি শিবিরের কটাক্ষের মুখ পড়তে হয় দীপিকাকে। তার পর থেকে ভারতীয় রাজনীতি সংক্রান্ত আলোচনা থেকে বেশ দূরেই থাকেন তিনি। এমনকি রণবীরের ছবিমুক্তির দিনে শাশুড়ি ও ননদের সঙ্গে মুম্বইয়ের একটি অনুষ্ঠান দেখতে যান তিনি। স্বামীকে নিয়ে কোনও রকমের পোস্টই করেননি।
দীপিকার এমন আচরণে খানিক হতবাক অনুরাগীরা। নেটাগরিকদের একাংশের মতে, ‘‘দীপিকা আসলে শাহরুখের সুনজরে থাকতে চান। তাই শাহরুখকে নিয়ে পোস্ট করবেন।’’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘‘নিজের স্বামীকে নিয়ে কোনও কথা বলছেন না? কী অদ্ভুত বিষয়!’’ অনেকের ধারণা, অভিনেত্রী হয়তো রাজনীতি সংক্রান্ত যে কোনও আলোচনা থেকে নিজেকে দূরে রাখতে চান। তবে আসল কারণ অবশ্য দীপিকাই জানেন।