গত সপ্তাহে তিরুঅনন্তপুরমে পুলিশি পাহারায় বিয়ে হয় মহাকুম্ভের মোনালিসার। বাড়ির অমতেই প্রেমিক ফরমান খানকে বিয়ে করেন মোনালিসা। মাত্র ছয় মাসের আলাপ। তার মধ্যেই মোনালিসা বিয়ে করেন ফরমানকে। তাঁদের এই বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দিয়েছেন মোনালিসার শিক্ষাগুরু তথা পরিচালক সনোজ মিশ্র। শুধু তা-ই নয়, মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে ‘লভ জিহাদ’-এর অভিযোগ এনেছিলেন। এ বার মোনালিসার অভিযোগ, তাঁর নাকি প্রাণসংশয়। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
মোনালিসা বিয়ের পর কেরলে সংসার পেতেছেন। জানা যায়, স্থানীয় বাম প্রশাসনের হস্তক্ষেপেই ফরমান-মোনালিসার বিয়ে হয়। এই বিয়ের অনুষ্ঠানে নাকি কেরল সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। এ বার মোনালিসার অভিযোগ, “প্রকাশ্যে আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই ভিডিয়োটি একটি চিঠির সঙ্গে সবাইকে মেল করছি, তাই দয়া করে আমাদের সাহায্য করুন।” নিরাপত্তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মোনালিসা ও ফরমান। এ দিকে, ফরমানকে বিয়ের পর থেকেই বার বার শোনা গিয়েছে, মোনালিসাকে ধর্মান্তরিত করেছেন তাঁর স্বামী। এই প্রসঙ্গে ফরমান বলেন, ‘‘আমি হিন্দু রীতি নীতি মেনেই ওকে বিয়ে করেছি। তাই ধর্মান্তকরণের কথা যাঁরা বলছেন সেটা ভুল।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মোনালিসা ‘ভাইরাল’ হয়েছিলেন তাঁর চোখের সৌন্দর্যের জন্য। খুড়তুতো বোনেদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন তিনি। তার পর সমাজমাধ্যম প্রভাবীদের নজরে পড়েন তিনি। এর পরে তাঁর জীবনও আমূল বদলে গিয়েছে। ছবি, বিজ্ঞাপন করার জন্য একের পর এক প্রস্তাব আসতে থাকে। বলা যেতে পারে, এক বছরের মধ্যে মোনালিসার জীবন যেন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।