“ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ-কথা নিতান্তই সহজ সরল...।” রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাব নিয়েই ‘সব সময়’ ওয়েব প্ল্যাটফর্মের জন্য পরিচালক পার্থ সেনের সিরিজ় ‘কলকাতা কোলাজ’। কলকাতার অলিগলিতে নানা রকমের সম্পর্ক। সেই রং দিয়েই পরিচালক রঙিন করছেন তাঁর আগামী সিরিজ়ের ছোট ছোট গল্প।
‘অ্যান্থোলজি’ ঘরানায় তৈরি এই সিরিজ়ে যেমন প্রেমের গল্প আছে, তেমনই আছে পরিণত সম্পর্ক, প্রবীণ বয়সের অনুভূতি। তাই পার্থের পরিচালনায় ক্যামেরার মুখোমুখি দুলাল লাহিড়ী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, সৃজলা গুহ, রব দে, মঞ্চের কৌশানি মুখোপাধ্যায়, অনন্যা সেন প্রমুখ। অনন্যাকে যেমন দেখা যাবে তাঁর বয়সের থেকে পরিণত বয়সের একটি চরিত্রে। সিরিজ়ে অর্পণের সঙ্গে জুটি বেঁধেছেন কৌশানি। রবের সঙ্গে সৃজলা।
এই প্রসঙ্গে সৃজলা আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “ধারাবাহিক 'মনফাগুন'-এ আমরা একসঙ্গে কাজ করেছিলাম। সেই জন্যই ডাক পেয়ে না করিনি।” সৃজলা প্রেমের গল্পে অভিনয় করতেও ভালবাসেন। যদিও প্রেমে বেশি পড়েননি! একই দাবি অর্পণেরও। তাই তিনি পুরো বিষয়টি উপভোগ করছেন।
এই প্রজন্ম সম্পর্কে জড়াতে ভয় পায়। কলেজ পড়ুয়ারা প্রেমকে কয়েকটি শব্দবন্ধনে বেঁধেছে। তাই কি সম্পর্কের গল্প বলে অতীত-বর্তমান প্রজন্মের মধ্যে সেতু বাঁধার চেষ্টা? প্রশ্ন ছিল পরিচালকের কাছে। পার্থ জবাব দিলেন, “আমি কোনও তুলনায় যাইনি। কেবল নানা বয়সের কিছু অনুভূতিকে ফ্রেমবন্দি করছি।”
“অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ”... কবিগুরুর এই সুর কি সিরিজ়েও ধ্বনিত হবে? পরিচালক পুরোটাই ছেড়ে দিয়েছেন দর্শকের উপরে।