Advertisement
E-Paper

আমেরিকায় বন্দি মাদুরোর উত্তরসূরি ডেলসির সঙ্গে বৈঠকে মোদী, জ্বালানির বিকল্প উৎস নিয়ে আশার আলো

সমাজমাধ্যমে এক পোস্টে মোদী জানান, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে তাঁদের বিস্তৃত আলোচনা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ২৩:২১
ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ়ের সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ়ের সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ়ের সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পর্যালোচনা করেছেন এবং জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা ও অটোমোবাইল-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন।’’

সমাজমাধ্যমে এক পোস্টে মোদী জানান, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে তাঁদের বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি লিখেছেন, ‘‘লাতিন আমেরিকায় একটি মূল্যবান অংশীদার হিসেবে ভেনেজ়ুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা গ্লোবাল সাউথের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশ দু’দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য এক সঙ্গে কাজ চালিয়ে যাবে।’’ বৈঠকের পর বিদেশ মন্ত্রকের বিশেষ সচিব (পূর্ব) সচিব রুদ্রেন্দ্র টন্ডন বলেন, ‘‘ভেনেজ়ুয়েলায় বিশ্বের অন্যতম বৃহৎ তৈলভান্ডার মজুত রয়েছে। আজকের আলোচনা মূলত দু’দেশের মধ্যে একটি জ্বালানি অংশীদারি গড়ে তোলার উপর কেন্দ্রীভূত ছিল।’’ রুদ্রেন্দ্রর দাবি, ভেনেজ়ুয়েলা আগামী বহু বছর ধরে ভারতকে একটি স্থিতিশীল ক্রেতা হিসেবে বিবেচনা করে।

আমেরিকা-ইরান যুদ্ধের কারণে হরমুজ় প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানির পৃথক উৎসের দিকে নজর দিয়েছে নয়াদিল্লি। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে ভেনেজ়ুয়েলা। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ভেনেজ়ুয়েলার ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপরহণ করেছিল মার্কিন কমান্ডো বাহিনী। আমেরিকায় নিয়ে গিয়ে মাদক পাচারের মামলায় অভিযুক্ত করা হয় তাঁদের। এর পরে ভেনেজ়ুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরোর জমানায় ভাইস প্রেসিডেন্ট পদে থাকা ডেলসি। যিনি মাদুরোর ‘ডান হাত’ নামেই পরিচিত।

Narendra Modi venezuela Strait of Hormuz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy