ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের দলীয় সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নাকি চিঠি পাঠিয়েছেন তিনি। তামিলনাড়ু বিজেপির অন্যতম নেতা তথা দলের প্রাক্তন রাজ্যসভাপতি কে আন্নামালাই বৃহস্পতিবার তাঁকে ঘিরে জল্পনাকে নতুন মাত্রা দিয়েছেন।
আন্নামালাই বৃহস্পতিবার জানান যে তিনি শুক্রবার (৫ জুন) সামাজমাধ্যমে নিজের ভাবনা স্পষ্ট করবেন অনুগামীদের কাছে। বিজেপি ছেড়ে নিজস্ব রাজনৈতিক সংগঠন গঠনের উদ্দেশ্যে পদত্যাগ করেছেন কি না, তা-ও জানাবেন। এক্স পোস্টে আন্নামালাই লিখেছেন, “আগামীকাল দুপুর ১২টায় আমি অধীর আগ্রহে আপনাদের সকলের সঙ্গে সমাজমাধ্যমে মতবিনিময়ের অপেক্ষায় আছি। সেখানে আমি মত বিনিময় করব এবং খোলামেলা, আন্তরিক আলাপচারিতায় অংশ নেব।” তিনি তাঁর সমাজমাধ্যমে আলোচনার লিঙ্কও পোস্ট করেছেন।
১ জুন নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের আন্নামালাই সাংবাদিকদের বলেছিলেন, “অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমরা দু’দিনের মধ্যে বসে কথা বলব।” এর পরে ২ জুন তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। দু’জনের মধ্যে প্রায় আধ ঘণ্টা রূদ্ধদ্বার বৈঠক হয়। প্রসঙ্গত, তামিলনাড়ুতে বিধানসভা ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে আন্নামালাই। এনডিএ-র শরিক দল এডিএমকে-র প্রধান পলানীস্বামীর ‘অনুরোধে’ রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় নায়নার নগেন্দ্রকে। যদিও বিধানসভা ভোটে মাত্র একটি আসনে জেতে বিজেপি। ভোট মিটতেই ‘বেসুরো’ হয়ে যান আন্নামালাই। আর শুরু হয় তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা।