২৭ জুন অভিনেতা-পরিচালক পরব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। ছেলে হওয়ার পর থেকে আরও বেশিই বিশেষ হয়ে উঠেছে দিনটা তাঁর কাছে। জন্মদিনে ঠিক কী কী পরিকল্পনা অভিনেতার? বিশেষ কি কোনও রান্না হচ্ছে চট্টোপাধ্যায় বাড়িতে? সবটা ভাগ করে নিলেন অভিনেতা-পত্নী পিয়া চক্রবর্তী।
মধ্যরাত থেকেই জন্মদিনের উদ্যাপন শুরু হয়েছে চট্টোপাধ্যায় পরিবারে। পিয়া বললেন, “সে ভাবে যে অনেক কিছু করেছি, তা নয়। ঘরোয়া আড্ডাই দেওয়া হয়েছে। রাতে ঘনিষ্ঠ বন্ধুরা, ভাই-বোনেরা এসেছিল। গভীর রাত পর্যন্ত সেই আড্ডা চলেছে। এই আর কী।”
পরমব্রতের জন্মদিনে বিশেষ কী আয়োজন করলেন পিয়া? ছবি: সংগৃহীত।
বাবার জন্মদিনের মধ্যরাতের উদ্যাপনে কি ছোট্ট নিষাদ বাদ পড়ল? সাধারণত বাচ্চারা একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়ে। ফলে পরমব্রতের মধ্যরাতের কেক কাটা, উদ্যাপনে কি নিষাদ ছিল বাবার পাশে? পিয়া বললেন, “আমাদের ছেলে তো তাড়াতাড়িই ঘুমিয়ে পড়ে। কিন্তু ওকে রাত ১২টায় ঘুম থেকে তুলেছিলাম। বাবার জন্মদিনের কেক কাটা হবে। ও যাতে শামিল হতে পারে আনন্দে, তাই। প্রথম বার ভাল করে কেক কাটা দেখল। আগের বছর তো খুব ছোট ছিল। তখন তাকাতেই পারত না। সেই বছর ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে কেক কাটা হয়েছিল। এই বছরটা তাই আমাদের জন্য বেশি স্পেশাল।”
পরম-পিয়ার কাছে এই বছরের এটাই সবথেকে বড় প্রাপ্তি। ছেলে ভাল করে এই মুহূর্তটা উপভোগ করেছে। এই বিশেষ দিনে অভিনেতার জন্য বাঙালি পদেই ভুরিভোজের আয়োজন। পিয়া যোগ করেন, পরমব্রতের প্রিয় বাঙালি খাবার। মাছ খেতে ভালবাসেন অভিনেতা। কিন্তু জন্মদিনে তাঁর পাঁঠার মাংসের ঝোল চাই-ই। এই বছরেও তার অন্যথা হয়নি। সেই ভাবেই আয়োজন করা হয়েছে সবটা। এই বিশেষ দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন অভিনেতা। প্রসঙ্গত, খুব শীঘ্রই গোয়েন্দা আদিত্য হয়ে ওয়েব সিরিজ়ে দেখা যাবে অভিনেতাকে।