‘নরমাংস ভক্ষণে অভিযুক্ত এক হাসপাতালকর্মীকে গ্রেফতার করা হয়েছে হাঙ্গেরিতে। ৩০ বছরের ওই যুবক রাজধানী বুদাপেস্টে নিজের কর্মক্ষেত্র ও কবরখানা থেকে মানুষের দেহাংশ কেটে তাঁর ফ্ল্যাটে জমাতেন এবং সেগুলি রান্না করে খেতেন বলে পুলিশের অভিযোগ।
প্রকাশিত খবরে দাবি, হাঙ্গেরির ‘ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’-এর তদন্তকারী দল প্রমাণ-সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বুদাপেস্টের অ্যাপার্টমেন্ট থেকে হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করা হয়েছে। জেরার মুখে ধৃত যুবক অপরাধ কবুল করেছেন বলেও পুলিশি বিবৃতিতে দাবি।
আরও পড়ুন:
তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, হাসপাতালে রোগী পরিবহণ বিভাগে কর্মরত ওই যুবক তাঁর কর্মস্থল এবং প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার কবরখানা থেকে মৃত মানুষের দেহাংশ চুরি করতেন। ‘ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ এখন দেহাবশেষগুলির উৎস নির্ধারণ এবং সেই মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে। হাসপাতালের অন্য কর্মীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল এবং তিনি পশুর দেহচ্ছেদ করে দেখতেও পছন্দ করতেন।