বলিউডের সুখী দম্পতি ববি দেওল ও তান্যা দেওল। ‘পাওয়ার কাপল’ হিসাবেই তাঁরা পরিচিত। তবে তান্যার সঙ্গে সম্পর্কের আগে দীর্ঘদিন পূজা ভট্টের সঙ্গে সম্পর্কে ছিলেন ববি। সম্প্রতি সেই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পূজা। কেমন ছিল তাঁদের রসায়ন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা হচ্ছিল পূজার অভিনয়জীবন নিয়ে। কেন বাবা মহেশ ভট্টের ছবি ‘আশিকী’তে অভিনয় করলেন না তিনি? এই প্রশ্নের উত্তরে পূজা জানান, অভিনয় থেকে আগ্রহ চলে যাচ্ছিল তাঁর। সেই সঙ্গে নাকি তাঁর তৎকালীন প্রেমিক অভিনয় পেশাকে সমর্থন করতেন না। এই প্রেমিক কি ববি দেওল? প্রশ্ন করা হয় পূজাকে। উত্তরে তিনি জানান, ববি তাঁর জীবনে বেশ কিছু দিন পরে এসেছিলেন।
আরও পড়ুন:
প্রেম ছিল ববির সঙ্গে? পূজার সটান উত্তর, “অবশ্যই! কেন থাকবে না প্রেম!” ক্রমশ দু’জনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু, সেই প্রেমের অনুভূতির প্রশংসা করেন মহেশ-কন্যা। তাঁর কথায়, “আমার জীবনের একটা অসম্ভব সুন্দর পর্যায় ছিল সেটি। আর ও মানুষ হিসাবেও খুব সুন্দর ছিল।” কিন্তু ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল, তা স্পষ্ট করেননি পূজা। তাঁর কথায়, “কেন আমরা আলাদা হয়ে যাই, সেটা নিয়ে আজ কথা বলা খুব একটা রুচিশীল হবে না। সম্পর্কটা ছিল, আমি সব সময়ে স্বীকার করেছি। কিন্তু আজ ও বিবাহিত, সন্তানদের বাবা। কর্মজীবনেও অসাধারণ প্রত্যাবর্তন হয়েছে।”
প্রাক্তন প্রেমিক ববির অভিনয়ের প্রশংসা করেও পূজা বলেন, “‘অ্যানিম্যাল’-এ ওকে আমার খুব ভাল লেগেছে। ওর জন্যই ছবিটা এত ভাল হয়েছে বলে আমার মনে হয়। ওর জন্য আমি খুব খুশি।”
১৯৯৬ সালে তান্যাকে বিয়ে করেন ববি। আর্যমান ও ধর্ম— দুই পুত্রের বাবা-মা তাঁরা। অন্য দিকে, ২০১৩ সালে মনীষ মাখিজাকে বিয়ে করেছিলেন পূজা। কিন্তু তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।