খেলার মাঠ মানেই প্রতিযোগিতা। হাড্ডাহাড্ডি লড়াই চলে সেখানে। আর তাঁর আঁচ এসে পড়ে দর্শকের মধ্যেও। শেষ হাসি কে হাসবেন তা জানতে উদ্গ্রীব হয়ে থাকেন তাঁরা। তবে অনেক সময় শুধু মাঠেই নয়, দর্শকের মধ্যেও ঘটে যায় অদ্ভুত ঘটনা। সম্প্রতি তেমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তা দেখে হইচই পড়ে গেছে নেটপাড়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
মাঠের খেলায় যেই জিতুক না কেন, স্টেডিয়ামে জিতে গেলেন দর্শক! তাঁদের এক মানবিক পদক্ষেপ মন জয় করে নিয়েছে সকলের। সমাজমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) ‘ধ্রুবরাঠীএনএক্স’ নামক হ্যান্ডল থেকে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, স্টেডিয়ামের ছাদ থেকে একটি বিড়াল ঝুলছে। মরিয়া চেষ্টা করছে নিশ্চিত পতন থেকে বাঁচার। আর তা দেখেই সাহায্যের হাত বাড়ালেন দর্শক।
বিপদ বুঝে নীচের আসনগুলিতে বসে থাকা দর্শক একটি পতাকা মেলে ধরেন। উদ্দেশ্য ছিল বিড়ালটি যখন পিছলে পড়ে যাবে, তখন তাকে যেন ধরে ফেলা যায়। শেষমেশ তাই-ই ঘটে। পা ফস্কে পড়ে যায় সেটি। কিন্তু দর্শকের উপস্থিত বুদ্ধির কারণে মাটিতে পড়া থেকে রক্ষা পায়। এ ভাবেই অবোলা প্রাণীটিকে উদ্ধার করা হয়।
বিড়ালটির বিপদ কেটে যাওয়ার পর দর্শকের আনন্দ ছিল দেখার মতো। কী ভাবে যে ওই মার্জার ওই উঁচু জায়গায় গিয়ে উঠল, তা জানা যায়নি। তবে লাফ দিয়ে উঁচু কোনও জায়গায় উঠে পড়া এই প্রাণীটির স্বভাবের মধ্যেই পড়ে। ঘটনাটি কোথাকার বা মাঠে কোন খেলা চলছিল, সে বিষয়ে কিছুই জানা যায়নি।
আরও পড়ুন:
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া। প্রায় ৩০০০ নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে। জনৈক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “অসাধারণ কাজ।”