গাছের ডালে বা বাড়ির কার্নিশে মৌমাছি বাসা বেঁধেছে এমন দৃশ্য হামেশাই নজরে পড়ে। তাই বলে হেলমেটের ভিতরে মৌমাছির চাক! এই দৃশ্য যেমন অদ্ভুত তেমনই ভীতিপ্রদ। গাছ বা বাড়ির কোনা ছেড়ে শেষমেশ হেলমেটের মধ্যেই দিব্যি আস্তানা গেড়েছে হাজার হাজার মৌমাছি। সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তার ধারে বাইকে ঝুলিয়ে রাখা একটি হেলমেট ঘিরে বসে রয়েছে হাজার হাজার মৌমাছি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হেলমেট বাইকের হাতলে ঝুলে রয়েছে। তাতে থিকথিক করছে মৌমাছি। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে। মৌমাছির হুলের কথা ভাবলেই শিউরে ওঠার মতো অবস্থা হয় আমাদের। বাইকের মালিক মৌমাছিদের নিয়ে এমন এক অভিজ্ঞতা মুখোমুখি হয়েছিলেন যা তাঁর ধারণার বাইরে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। বাইকটি পার্ক করে রেখে চলে গিয়েছিলেন ওই ব্যক্তি। পরে বাইক ফেরত আনতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। হেলমেটে মৌমাছির সংখ্যা এত বেশি ছিল যে মনে হচ্ছিল মৌচাকটি বহু বছর ধরে সেখানেই রয়েছে। ভিডিয়োয় এই দৃশ্য দেখে ভয় পেয়ে ওই ব্যক্তি পরিবেশ বিভাগকে খবর দেন। পরিবেশ বিভাগের কর্মীদের একটি দল মৌমাছিগুলোকে সরিয়ে নিয়ে যায়। পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এটাই মৌমাছিদের পরিযানের সময়। তারা গাছে, ছাদে এবং অন্য যে কোনও জায়গায় নিজেদের বাসা তৈরি করে।
ভিডিয়োটি ‘দ্যরিয়ালবুনি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা ১ কোটি ৪০ লক্ষ বার দেখা হয়েছে। ৪১ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখার পর তাতে বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওদেরও বাইকে চড়ে ঘোরার শখ জেগেছে।’’ অন্য এক জন লিখেছেন ‘‘ভুলেও ওদের ঘাঁটাবেন না।’’