ইজ়রায়েলের সঙ্গে বন্ধুত্ব করার ফল ভাল হবে না পাকিস্তানের। আব্রাহাম চুক্তি বা অন্য কোনও বিষয়ে তেল আভিভের পাশে দাঁড়ানোর খেসারত দিতে হবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে। এই মর্মে প্রকাশ্যে হুমকি দিলেন লস্কর-ই-ত্যায়বার (এলইটি)-র উপপ্রধান সইফুল্লাহ কাসুরি। লস্করের অন্যতম শীর্ষনেতার বক্তব্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স হ্যান্ডলে প্রচারিত সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইদের নমাজের পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন লস্কর নেতা। কাসুরিকে হুঁশিয়ারি দিতে বলতে শোনা গিয়েছে, ‘‘ইজ়রায়েলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে থাকা যে কোনও পাকিস্তানি নেতা বা সামরিক কর্মকর্তা গুপ্তহত্যা, ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার জন্য প্রস্তুত থাকুন।” তিনি একটি প্রকাশ্য মঞ্চ থেকে এও ঘোষণা করেন যে, “যিনিই ইজ়রায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা বলবেন, তাঁকে নির্মূল করা হবে।” ভাষণ দেওয়ার সময় লস্কর নেতা দাবি করেন যে, কোনও আন্তর্জাতিক শক্তিই মুসলিম দেশগুলোকে ইজ়রায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতে পারে না। সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি জিহাদের কথা উল্লেখ করে ধর্মীয় অনুভূতি জাগিয়ে তোলারও চেষ্টা করেন।
আরও পড়ুন:
লস্কর নেতার দাবি, সামরিক সক্ষমতার নিরিখে ইজ়রায়েলের সমতুল্য পাকিস্তান। সেই মতামত প্রতিষ্ঠা করতে গিয়ে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার কথাও উল্লেখ করেন। ভিডিয়োটি ‘আপইউকেনিউজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। লস্কর নেতার এই মন্তব্যের পর পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।