বাড়ির সামনে বসে রয়েছে উট। সেটির পাশ কাটিয়ে চলার জায়গা থাকলেও এক প্রৌঢ় তার পিছন থেকে বাইক নিয়ে যাওয়ার ‘সাহস’ দেখালেন। বাইকটি নিয়ে যাওয়ার সময় উটটির পায়ে একটু ধাক্কা লাগল। তার পর সেই উট যা ঘটাল তা প্রৌঢ়ের অবস্থা খারাপ করে দিল। তিনি ভাবতেও পারেননি যে তাঁর সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির সামনে বসে রয়েছে পেল্লায় উট। তার চেহারায় গদাইলশকরি চাল স্পষ্ট। দেখে মনে হচ্ছে একটু পরই ঘুমের দুনিয়ায় পাড়ি দেবে সে। এমন সময় সেটির পিছন থেকে বাইক নিয়ে যাওয়ার হুজুগ উঠল এক প্রৌঢ়ের। সামনে জলের ড্রাম বসিয়ে বাইক নিয়ে এগোতে লাগলেন প্রৌঢ়। চেষ্টা করলেন যাতে উটটির গায়ে না লাগে। কিন্তু সেই প্রচেষ্টা সফল হল না। উটের গায়ে বাইকের ধাক্কা লেগেই গেল। উটটি তৎক্ষণাৎ লাফিয়ে উঠল। পিছনের পা ছুড়ে দিয়ে ধাক্কা মারল বাইকটিকে। বাইকের সামনের চাকা প্রায় ঘুরে গেল। সেটিকে নিয়ে উল্টে পড়লেন প্রৌঢ়। উটটি শান্ত ভাবে দাঁড়িয়ে সব দেখতে লাগল। প্রৌঢ় জায়গা পেয়ে বাইক নিয়ে উঠে দাঁড়ালেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ঘণ্টা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৭ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘উটের সঙ্গে টক্কর নিতে গিয়ে বড় মাসুল দিতে হল।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভাগ্যিস লোকটি মাথায় আঘাত পাননি।’’