Advertisement
E-Paper

ভূস্বর্গ ভয়ঙ্কর! রোপওয়েতে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্গম এলাকায় শূন্যে ভেসে ৩০০ পর্যটক, উদ্ধারে ভারতীয় সেনা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দড়ি ব্যবহার করে ঝুলন্ত কেবিনগুলিতে পৌঁছেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। তারের উপর ভারসাম্য বজায় রেখে রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের একে একে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৫৬
Video shows Indian army rescues tourists stranded in the air due to technical fault in Gulmarg ropeway system

ছবি: এক্স থেকে নেওয়া।

ভূস্বর্গ ভয়ঙ্কর! জম্মু ও কাশ্মীরের গুলমার্গে বিশ্বের অন্যতম উচ্চ রোপওয়ে গুলমার্গ গন্ডোলায় যান্ত্রিক ত্রুটি। ঝুলন্ত কেবিনগুলিতে আটকে পড়েছিলেন ৩০০ জনেরও বেশি পর্যটক। পাহাড়, ঘন জঙ্গল এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই ঘটনাটি দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না ওই পর্যটকদের জন্য। নীচে গভীর গিরিখাত থাকার কারণে আতঙ্কে কান্নাকাটিও করছিলেন অনেকে। সেই সময় ওই পর্যটকদের সাহায্যে এগিয়ে এল ভারতীয় সেনা। দেবদূতের মতো পৌঁছে সঙ্কট থেকে উদ্ধার করে পর্যটকদের। সবাইকেই নিরাপদে বার করে আনেন সেনাকর্মীরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড এবং চিনার কোর অবিলম্বে একটি উদ্ধার অভিযান শুরু করে। এনডিআরএফ, এসডিআরএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনের যৌথ দলগুলিও ঘটনাস্থলে পৌছোয়। দুর্গম ভূখণ্ড এবং ক্রমাগত প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৬৫টি কেবিনে আটকে পড়া পর্যটকদের বার করে আনা কঠিন ছিল। তবে হার মানেনি ভারতীয় সেনা।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দড়ি ব্যবহার করে ঝুলন্ত কেবিনগুলিতে পৌঁছেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। তারের উপর ভারসাম্য বজায় রেখে রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের একে একে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনছেন তাঁরা। পিচ্ছিল ঢাল, ঘন জঙ্গল এবং উচ্চতা সত্ত্বেও ওই জওয়ানেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে পুরো অভিযানটি পরিচালনা করেন। কয়েক ঘণ্টা ধরে চলে অভিযান। পুরো দৃশ্যটি কোনও সিনেমার টানটান দৃশ্যের চেয়ে কম ছিল না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সব পর্যটককই শেষ পর্যন্ত নিরাপদে নামিয়ে আনা হয়। পুরো অভিযান চলাকালীন কোনও প্রাণহানি হয়নি বা কেউ আহত হননি বলেও খবর।

ওই অভিযানের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার অনুরাগী একটি পেজের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। দেশের সেনা জওয়ানদের ‘প্রকৃত নায়ক’ বলেও অভিহিত করেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের সাহস, অধ্যবসায় এবং নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যখনই দেশ কোনও সঙ্কটের মুখোমুখি হয়, তখনই এগিয়ে আসে ভারতীয় সেনা। ভারতীয় সেনা জওয়ানেরা বীরত্ব, শৃঙ্খলা এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।’’

Viral Video Indian Army Ropeway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy