বিতর্কের অপর নাম পুনম পাণ্ডে। বিখ্যাত হওয়ার জন্য একদা নগ্ন হওয়ার কথা নিজেই স্বীকার করেন। শুধু তা-ই নয়, বছরকয়েক আগে নিজেই নিজের মৃত্যুর খবর রটিয়েছিলেন। পরে তিনি স্বীকার করে নেন, সার্ভাইকাল ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এমন কাণ্ড ঘটান। তবে এতেই শেষ নয়। পুনম কিছু না কিছু করতেই থাকেন। যার ফলে আইনি জটিলতায় জড়ান, বিপাকেও পড়েন। এ বার পুনম জানালেন, ইন্ডাস্ট্রিতে ১৪ বছর কাটিয়ে ফেলেছেন তিনি, তবু কাজ পাচ্ছেন না।
আরও পড়ুন:
‘অ্যাডাল্ট’ ছবির নায়িকা হিসাবেই পরিচিতি পান পুনম। এমনিতেও বারকয়েক প্রকাশ্যে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়তে হয় পুনমকে। এ ছাড়া বিয়ের পরে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী স্যাম বম্বের নামে শ্লীলতাহানির অভিযোগ তুলেও আলোচনায় আসেন। তবে পুনম এক সাক্ষাৎকারে জানান, তিনি জানতেন না যে, ইন্ডাস্ট্রিতে কী ভাবে প্রবেশ করতে হয়। এখানে অনেকে অনেক কিছু করেন। সেগুলো এখনও তিনি শিখছেন। প্রায় ১৪ বছর কেটে গেলেও ইন্ডাস্ট্রিতে এখনও ঠিক করে কাজ পাচ্ছেন না তিনি। তার কারণ নাকি, তাঁর ভাবমূর্তি।
পুনমের কথায়, ‘‘আপনারা একটু ভাবুন, আমিও তো একটা মানুষ। আমি সব সময়ে কাজ চেয়েছি। ১৪ বছর আগে যখন ইন্ডাস্ট্রিতে পা রাখি, তখনও কাজের খোঁজে ছিলাম। এখনও কাজ খুঁজছি। আমি সব সময়ে একটাই কথা ভাবি, আর কী করলে লোকের নজরে পড়ব।’’ তাই পুনমের কাতর আর্তি, তাঁকে নিয়ে যেন কেউ মনের মধ্যে কোনও ধরনের খারাপ ধারণা পোষণ না করেন। শুধু তা-ই নয়, সমাজমাধ্যমে তাঁকে অহেতুক যাতে গালিগালাজ না করা হয়, সে আর্জিও জানালেন।