সমাজমাধ্যমের বাড়বাড়ন্ত নিয়ে মাঝে মাঝেই অভিযোগ জানান তারকারা। ছবিশিকারিরা যে মোটামুটি সারা ক্ষণ নজরে রাখেন বলিপাড়ার তারকাদের। তাঁরা কোথায় যাচ্ছেন? কী করছেন? কার সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের? —সবটা। তা যে অনেকেরই পছন্দ নয়, এ কথা প্রায়ই বলেন তারকারা। এই প্রেক্ষিতেই এ বার নিজের মতামত স্পষ্ট করলেন প্রীতি জ়িন্টা।
অনেক সাক্ষাৎকারে জয়া বচ্চন যেমন স্পষ্ট জানিয়েছেন, ছবি তুলতে হলে প্রথমে অনুমতি নেওয়া উচিত। একই মত প্রীতিরও। কিন্তু ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে অনেক সময় তারকারা জানতেই পারেন না যে, তাঁদের ছবি উঠছে। অনেক সময়ে নায়ক-নায়িকাদের জিমের বাইরেও ছবিশিকারীদের দেখা যায় ক্যামেরা তাক করে দাঁড়িয়ে থাকতে।
প্রীতি লেখেন, “ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য। কেউ আমার সঙ্গে ছবি তুলতে এলে, কখনও না করি না। কিন্তু, না জানিয়ে আমার সন্তানদের ছবি তুললে, কিংবা আমার জিমের বাইরে দাঁড়িয়ে থাকলে, অনেক সময়ে গোপনে বাড়ির অন্দরের ছবি তোলা হলে— তা আমাকে খুবই বিব্রত করে। অনুমতি না নিয়ে ছবি তুললে খুবই বিরক্ত হই আমি।” প্রীতি জানান, তিনি যা যা পেয়েছেন এখনও পর্যন্ত তা নিয়ে খুব খুশি। অভিযোগ জানানোর কোনও জায়গা নেই।
তাই অভিনেত্রীর অনুরোধ, সবাই যেন তাঁর অনুমতি নিয়ে ছবি তোলেন। উল্লেখ্য, অনেক দিন হল প্রীতিকে দেখা যায়নি বড়পর্দায়। শোনা যাচ্ছে, শীঘ্রই ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।