স্বামী নিক জোনাসকে ছাড়া এক মুহূর্ত চলে না প্রিয়ঙ্কা চোপড়ার। সব সময়ে নিকের মনোযোগ চাই-ই চাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা নিজেই জানান অভিনেত্রী। বলিউড ও হলিউড— দুই ক্ষেত্রেই তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত। যে কোনও অনুষ্ঠানে প্রিয়ঙ্কা যখন ছবি তোলেন, পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন নিক। সব সময়ে স্ত্রীকে আগলে রাখেন আমেরিকান পপ-তারকা। নিকের উপর অনেকটাই নির্ভরশীল প্রিয়ঙ্কা।
সেই সাক্ষাৎকারে নিকের প্রসঙ্গ উঠতেই প্রথমে লজ্জা পান প্রিয়ঙ্কা। তার পরে গর্বের সুরেই বলতে থাকেন, নিক তাঁকে কতটা আহ্লাদে ভরিয়ে রাখেন। নিক বয়সে ছোট হলেও প্রিয়ঙ্কাকে আগলে রাখেন। তাই অভিনেত্রী বলেন, “আমি আমার স্বামীর থেকে শিশুর মতো আহ্লাদ পেতে ভালবাসি। আমি তার সামনে একদম ছোট্ট মেয়ের মতো হয়ে থাকি। যেন আমাকে সে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে! আমি তার সামনে কিচ্ছু করতে পারি না।”
আরও পড়ুন:
ফোনে ইন্টারনেট কাজ না করলে, বা অন্য কোনও যান্ত্রিক গোলযোগ হলে, সমাধান একজনই। নিক জোনাস। স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকতে ভালবাসেন প্রিয়ঙ্কা। তবে এমন আচরণ শুধুই নিকের সঙ্গে করেন। বাস্তবে তিনি খুবই স্বাধীনচেতা। অন্য কারও উপর এ ভাবে নির্ভর করেন না তিনি। অন্য কারও থেকে এমন আহ্লাদের আশাও করেন না, স্পষ্ট জানান সে কথা।
কিছু দিন আগেও এক সাক্ষাৎকারে নিক সম্পর্কে প্রিয়ঙ্কা বলেছিলেন, “আমার মনে হয় নিকের সঙ্গে আমার যেন জন্মজন্মান্তরের আলাপ। অত্যন্ত ভাল মনের মানুষ ও। সঠিক শিক্ষা পেয়েছে পরিবারের থেকে। অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ। ওর মতো জ্ঞানী আমি নিজেও হতে চাই। নিজেকে সৌভাগ্যবতী মনে হয় এখন।”