আসন্ন ছবি ‘দ্য ব্লাফ-এর প্রচারে ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কার্ল আরবান। লস অ্যাঞ্জেলসে ছবির প্রচারে কার্লের সঙ্গে নজর কেড়েছেন প্রিয়ঙ্কাও। ছবিতে প্রিয়ঙ্কাকে দেখা যাবে প্রাক্তন জলদস্যু ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’-এর চরিত্রে। চরিত্র প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে প্রিয়ঙ্কা জানান, তাঁর মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’কে দেখতে পেয়েছিলেন।
অতীতের এক ঘটনা বলেন প্রিয়ঙ্কা। সেই দিন নিজের মাকে দেখে চমকে গিয়েছিলেন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছিল দিল্লি সফরের সময়ে। তখন মাত্র ১১ বছর প্রিয়ঙ্কার। গভীর রাতে তিনি ও তাঁর মা দিল্লিতে একটি হোটেলে যাচ্ছিলেন। হঠাৎ তাঁর মা বুঝতে পারেন যে গাড়িচালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য পথে যাচ্ছেন। অভিনেত্রী বলেন, “আমরা তখন একটি ক্যাবে ছিলাম। আমার বয়স তখন ১১। রাতে দিল্লির একটি হোটেলে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, আমার মা চালকের গলা চেপে ধরেছেন। সেই চালক রাস্তায় এমন একটি মোড় নিয়েছিলেন যা মায়ের কাছে পরিচিত নয়। চালক তখন বলছিল, ‘না না, আমি শর্ট কাট নিচ্ছি।’ তখন রাত ১১টা, আমরা দু’জনই একা ছিলাম। তাই মা পিছন থেকে তাঁর গলা চেপে ধরে বললেন, মূল রাস্তায় এখনই গাড়ি ফিরিয়ে নাও।”
আরও পড়ুন:
এমনকি চালককে চড় পর্যন্ত মেরেছিলেন মধু চোপড়া। প্রিয়ঙ্কার কথায়, “মা সেই দিন চিৎকার করে বলছিলেন, ‘আমি আমার ছোট মেয়েকে নিয়ে আছি।’ মায়ের এমন রূপ আগে দেখিনি। এর পর চার মাস আমি তাঁর কোনও কথার বিরোধিতা করিনি। জানি না, মা সেই রাতে একা থাকলে কেমন প্রতিক্রিয়া দিতেন। কিন্তু আমি সঙ্গে ছিলাম বলেই হয়তো তিনি এতটা রেগে গিয়েছিলেন। হোটেলে ফিরে এসে মা রীতিমতো কাঁপছিলেন।”
মায়ের এই রূপ মনে করেই নিজের চরিত্রটি আরও সহজে ফুটিয়ে তুলেছেন বলে জানান প্রিয়ঙ্কা।