গোবিন্দ নাকি দেউলিয়া হয়ে গিয়েছেন! পথে বসার মতো অবস্থা তাঁর! বলিতারকাকে নিয়ে এমন নানা খবর ছড়িয়েছে। সত্যিই কি এমন শোচনীয় অবস্থা গোবিন্দের? বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতার ভাগ্নে বিনয় আনন্দ। তিনি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন।
বিনয়ের মতে, গোবিন্দ আজও তারকা। তাঁর কথায়, “উনি আজও সুপারস্টার। এখনও কোথাও উনি দাঁড়িয়ে পড়লে অনায়াসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রোজগার করতে পারেন। যারা ওঁকে গরিব বলছে, তারা আসলে মূর্খ।” এখানেই শেষ নয়। ক্ষুব্ধ বিনয় আনন্দের বক্তব্য, “লোকজন বলছে, উনি নাকি পথে বসে গিয়েছেন, দেউলিয়া হয়ে গিয়েছেন। আরে পাগলের দল, কাকে নিয়ে এ সব বাজে কথা বলছ! উনি ৯০-এর দশকের তারকা! কোটি কোটি টাকা পারিশ্রমিক নিতেন উনি।”
নিজের মামা কত বড় তারকা ছিলেন, তা বার বার মনে করিয়েছেন বিনয়। তাঁর কথায়, “যখন লোখন্ডওয়ালায় ১২-১২ লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত, তখনই ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি। কী ভাবে বলেন, উনি পথে বসে গিয়েছেন? ৭০-৮০টি ছবিতে অভিনয় করেছেন। পাঁচটি ছবিতে উনি যত পারিশ্রমিক পেয়েছেন, অন্য আর কেউ পেয়েছেন কি না, আমার সন্দেহ আছে। এত বড় তারকার ব্যাপারে কী ভাবে এত বাজে কথা বলা যায়!”
তারকাদের সম্পর্কে মিথ্যা খবর বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে বলেও মনে করেন বিনয়। সম্প্রতি স্ত্রী সুনীতার সঙ্গে বিতণ্ডা চলছে তাঁর। সুনীতার দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। তার মধ্যেই হঠাৎ খবর ছড়িয়েছিল, গোবিন্দ দেউলিয়া হয়ে গিয়েছেন।