২০২৩ সালে ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে বিয়ের আসর বসেছিল পরিণীতি চোপড়া ও রাঘব চড্ঢার। তাঁদের বিয়েতে হাজির ছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। সেই সময়ে কেজরীবালের আপ দলেই ছিলেন রাঘব। যদিও এখন তিনি দল পাল্টে বিজেপিতে। তাঁদের বিয়েতে প্রিয়ঙ্কা চোপড়া আসতে না পারলেও প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া। সেখানেই তাঁর ফোন থেকে ছবি মোছার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
রাঘব ও পরিণীতির বিয়েতে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের বিয়ের ছবি যাতে কোনও ভাবেই বাইরে প্রকাশিত না হয়, তা নিশ্চিত করতে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল লীলা প্যালেসে। অভিনেত্রীর বিয়ের তিন বছর পরে পুরোহিত অঙ্কিত বত্রাই ফাঁস করলেন তাঁদের বিয়ের অন্দরের কথা। অঙ্কিতের কথায়, “লীলা প্যালেসের মধ্যে পরিবেশ সে দিন অদ্ভুত ছিল। এত কড়া নিরাপত্তা ছিল যে, কোনও ছবি বা ভিডিয়ো তোলা যায়নি। এমনকি, প্রিয়ঙ্কা চোপড়ার মাকেও বিয়ের অনুষ্ঠানে তোলা একটি ছবি ফোন থেকে মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সকলেই সম্মানের সঙ্গে সে সব নির্দেশ মেনেছেন। এমনকি, কেজরীবালের নাচের ভিডিয়োও মুছতে বলা হয় উপস্থিত চিত্রগ্রাহকদের।’’
যদিও এত কিছুর মধ্যে সবার নজর কাড়ে রাঘবের জলপথে বরযাত্রী নিয়ে প্রবেশ। এ ছাড়াও পরিণীতি যখন মার্জার সরণি দিয়ে হেঁটে বিয়ের মণ্ডপে রাঘবের দিকে এগিয়ে আসছিলেন, তখন গোটা পরিবেশটাই ছিল মুগ্ধ করার মতো।