সব কিছু ঠিক মতো এগোলে রাজ চক্রবর্তীর পরিচালনায় এর পর অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবিটি পুরোপুরি পারিবারিক গল্প হবে বলেই শোনা যাচ্ছে। ছবির প্রযোজনার দায়িত্বে এসভিএফ। এই ছবির হাত ধরে দীর্ঘ দিন পরে এসভিএফের সঙ্গে কাজ করবেন রাজ। ‘বলো দুগ্গা মাঈকী’ ছিল তাঁদের একসঙ্গে শেষ কাজ। ছবির পরিচালকের আসনে যখন রাজ এবং প্রযোজনায় এসভিএফ, তখন বোঝাই যাচ্ছে, বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। তবে প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মিঠুনের প্রাথমিক ভাবে গল্প ভাল লেগেছে। কিন্তু এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। বহু দিন পরে মিঠুনকে এ ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তবে যত ক্ষণ না পর্যন্ত তিনি চিত্রনাট্য শুনছেন, তত ক্ষণ অবধি তাঁর কাজটি করা নিয়ে সামান্য হলেও সংশয় রয়েছে। তা ছাড়া, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। সেই সময়ে অভিনেতা ব্যস্ত থাকবেন। তাই তাঁর ডেট পাওয়া নিয়েও সমস্যা রয়েছে। তবে সকলেই কাজটি হওয়া নিয়ে আশাবাদী। আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে এসভিএফের প্রযোজনায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’। এ ছাড়াও সোহমের প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবিটিতেও মিঠুনের অভিনয় করার কথা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)