ঋণ শোধ করতে না পেরে জেলবন্দি রাজপাল যাদব। একে একে তাঁর পাশে দাঁড়াচ্ছেন তাঁর সহকর্মীরা। এ বার অভিনেতার পক্ষে মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন। ‘চেক বাউন্স’ মামলা প্রসঙ্গে তাঁর মত, “রাজপাল সঠিক শিক্ষা পাননি। তাই ভুল করে ফেলেছেন। না হলে মনটা ভাল।”
প্রিয়দর্শন অভিযুক্তকে ২০ বছর ধরে চেনেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “ওঁকে প্রথম দেখি ‘জঙ্গল’ ছবিতে! ওঁর অভিনয় মুগ্ধ করেছিল।” জুটির প্রথম কাজ ‘মালামাল উইকলি’। ২০ বছর ধরে প্রিয়দর্শনের অসংখ্য ছবিতে রাজপাল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কথায় কথায় পরিচালক আরও জানিয়েছেন, তিনি অভিনেতার আর্থিক পরিস্থিতির কথা জানতেন। বলেছেন, “রাজপাল অর্থনৈতিক ভাবে দুর্বল, জানতাম। সেই জন্যই পড়াশোনা বেশি দূর করতে পারেনি। তাই তো বড় ভুল করে ফেলেছে।” প্রিয়দর্শন এ-ও জানিয়েছেন, রাজপালের বর্তমান পরিস্থিতির কথা জানতেন বলেই প্রযোজককে বলে নিজের আগামী ছবিতে অভিনেতার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। প্রযোজকও রাজি। এ বার তাঁকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। প্রিয়দর্শনের কথায়, “আমরা ওঁকে বাঁচাতে চাই।” রাজপালকে একাধিক বিজ্ঞাপনী ছবিতেও কাজ করার পরামর্শ দেন পরিচালক।
রাজপালের সংশোধনাগারে দিনযাপন যদিও নতুন নয়। এর আগেও সংশোধনাগারে থেকেছেন অভিনেতা। ২০১৮ সালে ‘অতা পতা লাপতা’ ছবি তৈরি করতে গিয়ে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ফেরত দিতে না পারায় তিন মাস সংশোধনাগারে ছিলেন। এ বারের ঘটনা প্রকাশ্যে আসার পরে রাজপালের সমর্থনে এগিয়ে এসেছেন বলিপাড়ার অনেক তারকা। প্রথম দিকেই এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। বরুণ ধবন থেকে জ্যাকি শ্রফ, অনেকেই তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।