কথা ছিল, ২ এপ্রিল হনুমানজয়ন্তী উপলক্ষে প্রকাশ্যে আসবে ‘রামায়ণ’ ছবিতে রণবীর কপূরের ঝলক। কথা রাখল প্রযোজনা সংস্থা। প্রকাশ্যে বহুপ্রতীক্ষিত সেই ছবির প্রথম প্রচার-ঝলক। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির মাধ্যমে বড়পর্দায় রাম রূপে দেখা যাবে রণবীরকে।
নমীত মলহোত্র প্রযোজিত এই ছবির ভিএফএক্স দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। এই ছবির ভিএফএক্সের নেপথ্যে রয়েছে আট বার অস্কারজয়ী আন্তর্জাতিক ভিএফএক্স স্টুডিয়ো। তার ফল ছবির প্রতি পরতে দেখা গিয়েছে বলে দাবি দর্শকের। এই ছবির আবহসঙ্গীতও মনে ধরেছে দর্শকের। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন এআর রহমান ও হ্যান্স জ়িমার। দুই তারকার মেলবন্ধনে দারুণ কিছুর অপেক্ষাতেই ছিলেন দর্শক। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরে তাঁদের অপেক্ষা যে দ্বিগুণ, তা মন্তব্যবাক্স পড়লেই স্পষ্ট হয়। এই ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশ-কে। এ ছাড়াও ছবিতে রয়েছেন সানি দেওল, রবি দুবের মতো একাধিক অভিনেতা। স্বামীর নতুন কাজের প্রথম ঝলক নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। জগতের ‘ত্রাতা’ রূপে পর্দায় হাজির হবেন রণবীর।
আরও পড়ুন:
বছরকয়েক আগে মুক্তি পেয়েছিল ‘আদিপুরুষ’। প্রভাস অভিনীত সেই ছবি প্রবল সমালোচনার শিকার হয়েছিল, মূলত ভিএফএক্সের কারণে। নীতেশ হয়তো সেই ছবি থেকে খানিক শিক্ষাই নিয়েছেন। দর্শকের দাবি, ‘রামায়ণ’-এর প্রথম ২ মিনিট ৩৮ সেকেন্ডের ঝলক একেবারে ‘নিখুঁত’। বক্সঅফিসে এই ছবি কেমন ফল করে সেটাই দেখার।