সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় তাঁর খলনায়ক চরিত্র নিয়ে বেশ হইচই হচ্ছে। আবার তেলুগু ছবি ‘মহাকালী’-র ট্রেলারে অসুর গুরু শুক্রাচার্যের সাজেও সাড়া ফেলে দিয়েছেন অক্ষয়। তাঁর অভিনয় তো বটেই, আরও যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে, তা হল অক্ষয়ের মাথাভরা চুল। ত্রিশের পর থেকে পাতলা হতে শুরু করে অক্ষয়ের চুল, মাথার টাকও একসময় উঁকি মারতে থাকে। যদিও এখন পরচুলার সাহায্য নিয়ে ভোল বদল করেছেন। সম্প্রতি পরচুলা পরার জেদে সিনেমা হাতছাড়া হয়েছে অক্ষয়ের। কিন্তু পরচুলা নিয়ে তিনি কতটা সচেতন সেটাই ধরা পড়ল ক্যামেরায়।
আরও পড়ুন:
সম্প্রতি একটি ছোট্ট ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে, সেটি ধুরন্ধর ছবির সেটের। রহমান ডাকাত হয়ে উঠতে রূপটানশিল্পী কিংবা কেশসজ্জা শিল্পীর উপর পুরোটা বিশ্বাস করেননি অভিনেতা। রীতিমতো ছোট ছোট দিকগুলোর উপর নজর দিয়েছেন, যাতে পর্দায় তাঁকে নিখুঁত দেখতে লাগে। ভিডিয়োটিতে অক্ষয় পরচুলার খুঁটিনাটি বিষয়গুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং পর্দায় সেটিকে স্বাভাবিক দেখানোর জন্য নির্দেশনা দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, “এই পাশটা দেখো? এ বার কাটটা দেখছ, এটা সোজা আমার দিকে চলে গেছে। ঠিক আছে? তা হলেই এটাকে খুব স্বাভাবিক দেখাবে।” এখানেই থামেননি। কেশসজ্জা শিল্পীকে বার বার নির্দেশনা দিতে থাকেন যাতে সব ক'টি দিক সুন্দর ভাবে চেপে বসে মাথায়। নেটপাড়ায় একটা বড় অংশ এটা দেখে অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ। অক্ষয়ের অধ্যবসায়ের তারিফ করছেন অনেকেই।