এমনিতে তিনি শান্ত, সৌম্য! ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতেই তাঁকে রাগী রূপে দেখা যায়। সংবাদমাধ্যমের সামনে সাধারণত হাসিমুখেই দেখা যায় তাঁকে। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন রণবীর কপূর। ছবিশিকারির উপর চিৎকারও করে ফেললেন তিনি। কিন্তু ঠিক কী ঘটেছিল?
রণবীরকে ক্যামেরাবন্দি করার জন্য ছবিশিকারিরা মুখিয়ে থাকেন। অভিনেতার সমাজমাধ্যমে কোনও যথাযথ অ্যাকাউন্ট নেই। তাই তাঁকে নিয়ে মানুষের প্রবল কৌতূহল। সে কারণেই, তাঁকে ক্যামেরবন্দি করার জন্য হুলস্থুল পড়ে যায়। রবিবারের অনুষ্ঠানেও অন্যথা হয়নি। রণবীরকে দেখেই ছুটে যান ছবিশিকারিরা। এক ছবিশিকারি খুব কাছে ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড়ান। প্রায় রণবীরের মুখের সামনে গিয়ে ক্যামেরা তাক করেন তিনি। সঙ্গে সঙ্গে সেই ক্যামেরা হাত দিয়ে ঠেলে সরিয়ে অভিনেতা বলে ওঠেন, “আরে উন্মাদ! ক্যামেরাটা তো মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছ!” এই শুনে ছবিশিকারি সামলে গিয়ে হাসতে থাকেন। রণবীরও তখন রাগ সামলে নিয়ে ছবিশিকারির দিকে সামান্য হেসে এগিয়ে যান। তবে তাঁর চোখেমুখে বিরক্তি প্রকাশ পায়।
এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীরা রণবীরের প্রশংসা করেন। তাঁদের দাবি, খুব ভাল ভাবেই রণবীর এই পরিস্থিতির সামাল দিয়েছেন। এক অনুরাগীর মন্তব্য, “এই ভাবে কে ক্যামেরা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়! রণবীর যা করেছেন, ঠিক করেছেন।”
উল্লেখ্য, রণবীরের হাতে আসন্ন বেশ কিছু কাজ রয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। এ ছাড়াও ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে দেখা যাবে তাঁকে। এর পরে তিনি শুরু করবেন ‘অ্যানিম্যাল পার্ক’ ছবির শুটিং।