Advertisement
E-Paper

অর্জুনের ‘অশুভ শক্তি’র জালে মোহনা! শাশ্বতের ‘তন্ত্রসাধনা’য় মিলবে মুক্তি? আবার পরিচালনায় পরমব্রত

‘ভোগ’-এর সাফল্যের পরে অভীক সরকারের আরও একটি উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ‘রক্তফলক’। একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১২:১৯
আসছে নতুন ওয়েব সিরিজ় ‘রক্তফলক’।

আসছে নতুন ওয়েব সিরিজ় ‘রক্তফলক’। ছবি: সংগৃহীত।

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ়। ‘ভোগ’-এর সাফল্যের পরে অভীক সরকারের আরও একটি উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ‘রক্তফলক’। একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এই সিরিজ়ের মাধ্যমেই ওটিটি-র দুনিয়ায় যাত্রা শুরু করছেন ধারাবাহিকের জনপ্রিয় মুখ মোহনা মাইতি। ওয়েব সিরিজ়টি দেখা যাবে হইচই-এ। প্রকাশ্যে এসেছে চরিত্রদের ‘লুক’।

‘মাইথোলজিক্যাল হরর’ ঘরানার সিরিজ়ে তান্ত্রিক বিশেষজ্ঞ আগমবাগীশের চরিত্রে দেখা যাবে শাশ্বতকে। তিনি কর্মফল ও তা থেকে হওয়া অশান্তকর পরিবেশে বিশ্বাস করেন। অন্য দিকে, এক সাধারণ, আকর্ষণীয় পুরুষের চরিত্রে দেখা যাবে অর্জুনকে। সে কখনও টেনিয়া, কখনও বজ্রকেতু, আবার কখনও স্যাম। মহিলাদের সহজেই নিজের বশে আনতে পারে সে, যেন কোনও এক অলৌকিক শক্তির অধিকারী। তার মা মায়ারানির চরিত্রে দেখা যাবে কনীনিকাকে। তিনি গোটা দুনিয়াকে ছেলের ‘অশুভ শক্তি’ থেকে রক্ষার চেষ্টায় থাকেন। এই সিরিজ়ে তিতলি নামে এক তরুণীর চরিত্রে দেখা যাবে মোহনাকে। অনলাইনে তার স্যামের সঙ্গে আলাপ। স্যাম ওরফে টেনিয়ার ফাঁদে পা দেয় তিতলি। নিজের কথার জালে ফাঁসিয়ে, লোকচক্ষুর আড়ালে তিতলিকে তার সঙ্গে দেখা করতে রাজি করায় স্যাম। সেখানে নিজের দুই বোনকে নিয়ে টেনিয়ার সঙ্গে দেখা করতে যায় তিতলি। এর পরেই যত ঝামেলার সূত্রপাত। পরতে পরতে রহস্য। এমন কিছু ঘটনা ঘটতে থাকে, যা যেন শত-সহস্র বছর আগে ঘটে যাওয়া কোনও ঘটনারই ধারাবাহিকতা।

এই সিরিজ় প্রসঙ্গে পরিচালক পরমব্রত বলেন, “‘রক্তফলক’ যেন আরও অস্বস্তিকর এক জগত তৈরি করে— যা ভয়ের ঊর্ধ্বে গিয়ে অশুভ শক্তির এক অন্তহীন চক্রকে প্রতিফলিত করে। এটি আরও প্রাসঙ্গিক কারণ, এই বহু পুরনো আখ্যানটি সমসাময়িক বিষয়ের সঙ্গে সুন্দর মিশে যায়।” শাশ্বতের কথায়, আগমবাগীশ কখনও অজানার পিছনে ছোটে না, অজানা নিজে তাকে খুঁজে নেয়। “যা অন্যরা দেখতে পায় না, তা আগমবাগীশ দেখতে পায়— এটা তার কাছে খানিক বোঝার মতোই। এর জন্য সে ক্ষমতাবান কিন্তু একাকী। তার সঙ্গে ‘অদেখা’র সম্পর্ক আমাকে উত্তেজিত করেছে”, বলেন শাশ্বত।

Advertisement

অন্য দিকে, অর্জুনের চরিত্রের মধ্যে দুই ধরনের ছাপ আছে। সে কখনও অতি সাধারণ ভাল মানুষ, আবার কখনও সে শয়তান। তাঁর কথায়, “চরিত্রের এই বৈপরীত্য ফুটিয়ে তোলা আমার জন্য চ্যালেঞ্জিং যেমন, তেমনই বেশ আত্মতুষ্টির। ‘রক্তফলক’ দেখলে বোঝা যাবে যে, শয়তান সব সময়ে সতর্কীকরণ সমেত আসে না!” মায়ারানির চরিত্র প্রসঙ্গে কনীনিকার মত, “কোনও কিছুকে সে অস্বীকার করে না, বরং নিজের সন্তানের মধ্যে দেখা অন্ধকারের মুখোমুখি হওয়ার কারণেই আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে সে।” ডিজিটাল দুনিয়ায় বিশ্বাস করে পা রেখে কী ভাবে জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে, সেই যাত্রাপথে দেখা যাবে মোহনাকে। “প্রথমে যাকে ভালবাসা মনে হয়েছিল, সেটাই দুঃস্বপ্নে পরিণত হয় কী ভাবে, দেখা যাবে এই সিরিজ়ে”, বলেন অভিনেত্রী। এটি হইচই-তে মুক্তি পাবে ১ মে।

Parambrata Chatterjee Saswata Chatterjee Koneenica Banerjee Arjun Chakraborty Mohona Maity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy