১৯৯০ সালে ‘আশিকি’ ছবিতে ঝড় তুলেছিলেন রাহুল রায়। তার পর ক্রমশ বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০২০ সালটা নানা অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে তাঁর।
২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং করছিলেন রাহুল রায়। সেই সময়ে শুটিং চলাকালীন ব্রেনস্ট্রোক হয়েছিল রাহুলের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রে অ্যাঞ্জিয়োগ্রাফি করানো হয়েছিল তাঁর। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাহুল। হাসপাতালে বিল হয়েছিল বড় অঙ্কের। সেই সময়ে তাঁর পাশে এসে দাঁড়ান সলমন খান। ভাইজানই নাকি সমস্ত বিল মিটিয়ে দিয়েছিলেন।
সলমনের প্রতি কৃতজ্ঞতা বজায় রেখে রাহুল বলেন, “সবাই বলে, সলমনের এই দোষ, ওই দোষ। কিন্তু আমার কাছে উনি খুব ভাল মানুষ।” সাহায্য করলেও তা কখনও সংবাদমাধ্যমের কাছে জানাননি সলমন। বলিতারকার এই বিষয়টিই তাঁর সবচেয়ে পছন্দের বলে জানান ‘আশিকি’ অভিনেতা।
আরও পড়ুন:
এই সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে ছিলেন তাঁর বোন প্রিয়ঙ্কা। তিনিই সলমনের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন। তিনি বলেন, “আমি সলমনকে ধন্যবাদ জানাতে চাই। কারণ যা যা বিল বাকি ছিল, সব সলমন মিটিয়ে দিয়েছিলেন। উনি নিজে ফোন করে জানতে চেয়েছিলেন, কোনও সাহায্য লাগবে কি না। পরে যেটুকু বিল বাকি ছিল, সেটুকুও তিনি এখন মিটিয়ে দিয়েছেন।”
রাহুল অসুস্থ হয়ে পড়ার পরে সেই সময়ে ‘এলএসি’ ছবির পরিচালকও চিকিৎসার খরচ দিয়েছিলেন। তবে বেশিরভাগ টাকাই দিয়েছিলেন সলমন। প্রিয়ঙ্কাও বলেন, “এত সাহায্য করার পরেও সংবাদমাধ্যমকে একটি কথাও বলেননি সলমন। অসাধারণ মনের মানুষ উনি।”