কথা ছিল, এপ্রিলেই মুক্তি পাবে সলমন খানের ছবি। প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তবে কটাক্ষের শিকারও হয়েছেন সলমন। এ সবের মধ্যেই হঠাৎ ছবির নামও বদলে দেওয়া হয়েছে। ছবির নতুন নাম— ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এ বার নাকি নতুন বিপদ! প্রতিরক্ষা মন্ত্রক এল নতুন নিষেধাজ্ঞা।
আরও পড়ুন:
দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির এখনও ৪০ শতাংশ শুটিং বাকি। পিছোচ্ছে মুক্তির তারিখ। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে। তবে এই ছবির আবেগ শুধুই যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। সেই কারণেই ছবির নামে পরিবর্তন আনা হয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতের সঙ্গে চিনের পরিবর্তিত সম্পর্কের কথা মাথায় রেখে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছবিতে চিনের নাম ব্যবহার করা যাবে না।
এই ছবির মাধ্যমে শান্তি ও মানবিকতার বার্তা দেওয়ার ভাবনাও শোনা যাচ্ছে। ছবির নামের পরিবর্তনের নেপথ্যে এটিও নাকি একটি কারণ। সেই জায়গা থেকেই ছবিতে পড়শি দেশের নাম ব্যবহারের ক্ষেত্রে এ হেন নিষেধাজ্ঞা। যেহেতু ভারতের সঙ্গে চিনের যুদ্ধের উপর নির্মিত এই গল্প, তাই চিত্রনাট্য থেকে চিন কথাটি বাদ দেওয়া হলে চিত্রনাট্যে বড়সড় রদবদল হতে পারে বলেই ধারণা। সে ক্ষেত্রে ছবিমুক্তি আরও কিছুটা পিছিয়ে যেতে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।