‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’ গানের সঙ্গে স্বপ্না চৌধরির নাচ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। হরিয়ানার মেয়ে স্বপ্না মূলত গ্রামের মধ্যে মঞ্চানুষ্ঠান করেই জনপ্রিয় হয়েছেন। ডাক পেয়েছেন ‘বিগ বস্’-এর মতো অনুষ্ঠানে। এক মিউজ়িক সংস্থার প্রকাশিত ‘সলিড বডি রে’ হরিয়ানভি গানের সঙ্গে তাঁর নাচ সকলের নজর কাড়ে। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি স্বপ্নাকে। কেরিয়ারের প্রথম দিকে ৩ হাজার টাকার বিনিময়ে নাচের শো করা শুরু করেন স্বপ্না। কিন্তু আজ তিনি ৫০ কোটি টাকা সম্পত্তির মালিক। যদিও টাকার জন্য এক বার এক দুষ্কৃতীর খামারবাড়িতেও নাচতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে নিজের কর্মজীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা ভাগ করে নেন স্বপ্না। পয়সার খুব প্রয়োজনে একটি অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছিল তাঁকে। বলা হয়, একটি খামারবাড়িতে গিয়ে নাচতে হবে। দ্বিতীয় বার না ভেবেই অনুষ্ঠানের জন্য সম্মতি দেন তিনি। তবে সেখানে পৌঁছে রীতিমতো চমকে যান, ভয় পেতে শুরু করেন। স্বপ্নার কথায়, ‘‘সারা মাঠে কুড়ি থেকে পঁচিশটা টেবিল। সকলেই পুরুষ, সকলের কাছে প্রায় আট থেকে ন’টা করে বন্দুক। মনে হচ্ছিল, কোনও গ্যাংস্টার জেল থেকে ছাড়া পেয়েছে। তার উদ্যাপন চলছে। আমি নাচতে শুরু করি। একটা ছেলে বার বার আমার কানে কানে কথা বলে আসছে।’’ স্বপ্না জানান, কোনও অনুষ্ঠানে একা যেতেন না তিনি, সঙ্গে তাঁর মা যেতেন। এখানেও মা গিয়েছিলেন। স্বপ্নার কাছে এসে কী বলে যাচ্ছে ওই ছেলেটা, কৌতূহলী হয়ে পড়েন স্বপ্নার মা।
শিল্পীর কথায়, ‘‘এমন সময় ওই গ্যাংস্টার এসে আমাকে চুমু খেয়ে চলে যায়। তার পর আমি নাচ থামাতে চাইলে বলা হয়, পয়সা দিয়েছি যখন নাচতে হবে।’’ স্বপ্নার উপায় না দেখে নাচতে শুরু করেন। তাঁকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। সেই সময় স্বপ্না মায়ের অনুরোধে সেই পরিস্থিতি থেকে বাঁচেন তিনি। তার পর থেকেই তিনি প্রতিজ্ঞা করেন, এই ধরনের অনুষ্ঠান তিনি আর করবেন না।