তারকাকন্যা হলেও তেমন হাবভাব নেই সারা আলি খানের। সাধারণের মধ্যে মিশে যান, তাঁর সাধারণ জীবনযাপন বরাবর প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। শুধু তা-ই নয়, তাঁর আধ্যাত্মিক দর্শনের জন্য আলোচনা হয় অভিনেত্রীকে নিয়ে। এ বার বাচ্চাদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আন্ধেরির বাংলো ভাড়া দিয়ে ফের খবরে সারা।
আন্ধেরি এলাকায় সারার একটি বড় বাংলো রয়েছে যার আয়তন প্রায় ৪৫০০ বর্গফুট। অভিনেত্রী নিজে থাকেন জুহু এলাকায়। নিজের এই বাড়িটি ভাড়া দিলেন একটি স্কুলকে। সূত্রের খবর, গত ২৭ মার্চ আগামী পাঁচ বছরের জন্য প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে ভাড়া দিয়েছেন অভিনেত্রী, যা কিনা এ বার থেকে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে। বাংলোটির ঠিকানা ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজ়িং সোসাইটি।
আরও পড়ুন:
পাঁচ বছরের লিজ়ের জন্য ৪.১৪ কোটি টাকা পাচ্ছেন সারা। ইতিমধ্যেই সিকিওরিটি ডিপোজ়িট হিসেবে ওই সংস্থা ২০ লক্ষ টাকা জমা দিয়েছে। প্রথম দু’বছর মাসিক ভাড়া থাকবে ৬.৫ লক্ষ টাকা। তবে তৃতীয় বছর থেকে পাঁচ শতাংশ করে বাড়বে বলে জানা গিয়েছে। গত কয়েক বছর বলিউড তারকারা জমি বাড়ি সংক্রান্ত বিনিয়োগ বাড়িয়েছে। কেউ বাড়ি কিনছেন কেউ আবার বিক্রি করছেন কেউ আবার ভাড়ায় দিচ্ছেন বাড়ি।