Advertisement
E-Paper

‘জওয়ান’-এও ‘ঝুমে জো পাঠান’-এর জাদু তৈরি করতে চান শাহরুখ! কোথায় শুটিং হচ্ছে সেই গানের?

আর মাত্র মাস দু’য়েকের অপেক্ষা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। তার আগেই ১০ জুলাই প্রকাশ্যে আসছে অ্যাটলির ছবির ট্রেলারের প্রথম ঝলক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৭:১৯
Image of SRK.

অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

চোখেমুখে বাঁধা ব্যান্ডেজ, তার মধ্যে থেকেও ঠিকরে বেরোচ্ছে গনগনে তেজ। ‘জওয়ান’ রূপে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের ঝলক। এ বার ট্রেলারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে ট্রেলার নয়, তার আগেই মুক্তি পেতে চলেছে ছবির ‘ট্রেলার প্রিভিউ’। সম্প্রতি সেই তারিখ ঘোষণা করেছেন খোদ শাহরুখ খান। সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করে শাহরুখ জানান, আগামী ১০ জুলাই সকাল সাড়ে ১০টায় মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’-এর ‘ট্রেলার প্রিভিউ’। সমাজমাধ্যমে এই ভিডিয়ো শেয়ার করে শাহরুখ ঘোষণা করেন, আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। বাদশার ছবি অনুরাগীদের উদ্দীপনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ছবির গান সংক্রান্ত একটি খবর।

খবর, ‘পাঠান’-এর ‘ঝুমে জো পাঠান’ গানের আদলেই ‘জওয়ান’-এ থাকতে চলেছে একটি গান। দর্শক ও অনুরাগীদের নাচতে বাধ্য করবে, এমন একটি গান তৈরি করতে চান শাহরুখ ও অ্যাটলি। সেই পরিকল্পনা মাফিক শুরু হয়ে গিয়েছে গানের প্রস্তুতিও। শোনা যাচ্ছে, দুবাইয়ে শুট হতে চলেছে ওই গানের। গানের শুটিংয়ের জন্য বিশেষ একটি জায়গা বেছেছেন শাহরুখ নিজে। খবর, দিন ছয়েক ধরে শুট করা হবে গোটা গানটি। ‘ঝুমে জো পাঠান’-এর সাফল্যের পর ‘জওয়ান’-এও দর্শক ও অনুরাগীদের তেমন একটি গান উপহার দিতে চান শাহরুখ। সেই ভাবনা থেকেই গানের প্রস্তুতি নিচ্ছে ‘জওয়ান’-এর টিম।

২০১৮ সালের ভরাডুবির পরে অবশেষে ২০২৩-এ রাজসিক প্রত্যাবর্তন শাহরুখ খানের। বছর শুরু করেছেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে। দেশ-বিদেশ মিলিয়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি। এ বার পালা ‘জওয়ান’-এর। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়ান ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ। খবর, আগামী ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘মিশন: ইমপসিবল– ডেড রেকনিং পার্ট ওয়ান’। খবর, জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ়ের এই ছবির আগেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জওয়ান’-এর ট্রেলার। ‘জওয়ান’ ছবির জন্য শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন অ্যাটলি, এ কথা ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে চড়ছিল উত্তেজনার পারদ। আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় ‘জওয়ান’ হিসাবে ফিরতে চলেছেন বলিউডের বাদশা। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি ও সান্য মলহোত্র। বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও।

Jawan Shah Rukh Khan Bollywood Bollywood Update bollywood star Bollywood Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy