প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ। একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন। সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ থেকে ‘গুজ়ারিস’-এর মতো ছবিতে কাজ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। অভিনেতার কী ভাবে মৃত্যু, সেটা অবশ্য প্রকাশ্যে আনেনি তাঁর পরিবার।
আরও পড়ুন:
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবদাস’-এ শাহরুখ খানের বাবার চরিত্রে দেখা যায় বিজয়কে। মহেশ দাতানি রচিত ‘ডান্স লাইক আ ম্যান’ নাটকটিতে দীর্ঘ ২৫ বছর ধরে অভিনয় করেছেন বিজয়। এই নাটক থেকে পরবর্তীতে ছবি তৈরি হয় যা জাতীয় পুরস্কার পায়। মূলত দক্ষিণী ছবির অভিনেতা বিজয় কাজ করেছেন ‘পিকে’, ‘গান্ধী’, ‘ফ্যানটম’-এর মতো হিন্দি ছবিতেও। অভিনেতা ছাড়াও তিনি ছিলেন পরিবেশবিদ। এ ছাড়া পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চেও সমানতালে কাজ করেছেন তিনি।
চলচ্চিত্রের বাইরে কর্পোরেট জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিজয়। তিনি ১৯৯৫ সালে গোদরেজ ইন্ডাস্ট্রিজ়ের বোর্ডে একজন অ-নির্বাহী, স্বাধীন কর্মকর্তা হিসাবে যোগ দেন। বয়সের কারণে ২০২১ সালে পদত্যাগ করেন। পরিবেশ নিয়ে তাঁর কাজ বিশেষ ভাবে প্রশংসিত। এ ছাড়া শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য তিনি ব্যাপক ভাবে প্রশংসিত হন। তাঁর স্ত্রী স্মিতা কৃষ্ণ এক জন সুপরিচিত ব্যবসায়ী, যার মোট সম্পদের পরিমাণ মার্কিন ডলারে আনুমানিক ২.৫ বিলিয়ন।