বলিউডের দুই তাবড় তারকা তাঁরা। দুই স্বনামধন্য খান। রিয়েল লাইফের ভাল বন্ধু তো বটেই, পাশাপাশি রিল লাইফেও একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দীর্ঘ দিন পরে চলতি বছরেই ‘পাঠান’ ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ খান ও সলমন খান। ‘পাঠান’-এ বিশেষ চরিত্রে সলমন খানের উপস্থিতি ও শাহরুখ-সলমন জুটির সমীকরণ নজর কেড়েছে দর্শকের। বক্স অফিস সাফল্যের পাশাপাশি প্রিয় দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখে উৎসাহ আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের। তার পর থেকেই দুই তারকাকে আরও এক বার একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। ‘পাঠান’-এর সাফল্যের পরেই জানতে পারা যায়, যশরাজের পরবর্তী ‘টাইগার ৩’ ছবিতে সলমন খানের পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। মাস খানেক আগেই প্রকাশ্যে এসেছিল সেই চরিত্র সম্পর্কিত একাধিক তথ্যও। এ বার খবর, আগামী ৮ মে থেকেই ‘টাইগার ৩’ ছবির সেটে সলমন খানের সঙ্গে যোগ দেবেন শাহরুখ খান।
আরও পড়ুন:
‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সলমন। খবর, ‘টাইগার ৩’-এর চিত্রনাট্যে এমন একটি দৃশ্য আছে, যেখানে টাইগারকে গারদ থেকে ছাড়ানোর সময়ে সেখানে এসে উপস্থিত হবে বন্ধু পাঠান। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই খান। শোনা যাচ্ছে, আগামী সোমবার থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ শুটিং চলবে সেই দৃশ্যের। মুম্বইয়ে যশরাজ স্টুডিয়োতে শুট করা হবে গোটা দৃশ্যের। ওই দৃশ্যের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া নিজেও।
যশরাজের ‘স্পাই ইউনিভার্স’, থুড়ি ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’। ‘পাঠান’-এর সাফল্যের পর ‘টাইগার ৩’ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়াইআরএফ। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’ ছবির।