আগেকার দিনে নিজের প্রেম, ভালবাসা বা বিচ্ছেদ— কোনও কিছু নিয়েই প্রকাশ্যে আলোচনা করতেন না তারকারা। তবে সেই ধারা বদলাচ্ছে। আলিয়া ভট্ট থেকে অনন্যা পাণ্ডে সবাই নিজেদের প্রেম, বিচ্ছেদ, অবসাদ নিয়ে কথা বলেছেন। এ বার নিজের প্রেম ভাঙার ভয়ঙ্কর কাহিনি প্রকাশ্যে আনলেন নবাগত অভিনেত্রী শনায়া কপূর।
প্রাক্তনের নাম উল্লেখ করেননি অভিনেত্রী। তবে ঘটনার বিবরণ দিয়ে জানালেন, কী ভাবে তাঁর প্রাক্তন প্রেমিক ঠকিয়েছিলেন। তা-ও আবার বিদেশে গিয়ে প্রেমিকের গোপন সত্যি বেরিয়ে আসে। শনায়া বলেন, “বিদেশে ঘুরতে গিয়েছিলাম আমরা। বিশেষ নৈশভোজের পরিকল্পনা করা হয়েছিল। তাই গাড়ি বুক করব বলে প্রেমিকের ফোনটা নিয়েছিলাম। কারণ, আমার ফোনের চার্জ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। তার পর আমি যা দেখলাম!” গাড়ি বুক করতে গিয়ে দেখতে পান, তাঁর প্রেমিকের প্রাক্তন প্রেমিকা মেসেজ করেছে। তখনই শনায়ার সন্দেহ হয়।
অভিনেত্রী যোগ করেন, “তার পর ফোন ঘেঁটে দেখি এরকমই আরও চার জন মহিলার সঙ্গে একইসঙ্গে কথা চালিয়ে যাচ্ছে ও। এমন ভাবে মেসেজ লিখেছে যেন ও কোনও সম্পর্কে নেই। ‘সিঙ্গল’। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওই বিদেশে, একা আমি কী করব? চ্যাটের ‘স্ক্রিনশট’ বন্ধুদের পাঠিয়েছিলাম। অনন্যা (পাণ্ডে) আমাকে বলেছিল, ওর কাছে চলে যেতে। কারণ, ও কাছেই ছিল। কিন্তু ট্রেনে চেপে যাওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। তিন দিন কোনও ভাবে ছিলাম আমি মুখ বুজে। তার পরে কানের দুল কিনে দিয়ে ওই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল আমার তৎকালীন প্রেমিক। সেই দুল অবশ্য আমি এখনও পরি।”
আরও পড়ুন:
বিচ্ছেদের পরে তিনি যে আরাম পেয়েছিলেন, তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, শনায়া এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘তু ইয়া ম্যাঁয়’-র প্রচার নিয়ে। এই ছবিতে অভিনেতা আদর্শ গৌরবের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে।