ষষ্ঠ বারের জন্য ক্যানসারে আক্রান্ত শারিব হাশমীর স্ত্রী নাসরিন। সম্প্রতি ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছেন, পাঁচ বার অস্ত্রোপচার হয়েছে তাঁর স্ত্রীর। এ বার সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। আর্থিক ও মানসিক দিক থেকে ভেঙে পড়েছে শারিবের পরিবার। কী ভাবে কাটছে দিন? জানালেন শারিব।
এই কঠিন সময়ে মনের জোর রাখতে চাইছেন শারিব। তাঁর কথায়, “আমি ইতিবাচক ভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। না হলে এই পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করা খুবই কঠিন হয়ে উঠবে আমার জন্য।” চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। নাসরিন কি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? শারিব বলেন, “সৌভাগ্যবশত চিকিৎসায় সাড়া দিচ্ছে ও। আমার স্ত্রী খুবই ল়ড়াকু। ওর মনের জোর দেখেই আমি আশা রাখতে পারছি। কিন্তু এই সফর দীর্ঘ।”
২০১৮ সাল থেকে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত নাসরিন। ক্যানসারের কোন কোন উপসর্গ প্রথমে তাঁর শরীরে দেখা গিয়েছিল? শারিব মনে করে বলেন, “দুই আড়াই মাস ধরে ও খুব কাশছিল। সেই সময়ে বাতাসে দূষণের কারণে সবাই কাশছিল। আমরা ভেবেছিলাম, নাসরিনও সেই জন্য কাশছে। এক্স-রে করিয়ে দেখলাম, কোনও সমস্যা নেই। কিন্তু তার পরে ওর মুখের ভিতরে ঘা হল। সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসকের কাছে ছুটে যাই। তিনি বায়োপ্সি করতে বলেন।” প্রথমে মুখের ভিতরে ক্যানসার ধরা পড়লেও পরে তা ফুসফুস, হাড় ও যকৃতেও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
ক্যানসারের চিকিৎসার খরচ ক্রমশ সীমা ছাড়িয়ে যাচ্ছে। বেশ বেগ পেতে হচ্ছে, স্বীকার করেছেন শারিব। তাঁর কথায়, “আমি বেশি সময়টাই ওর সঙ্গে কাটাই। কিন্তু অর্থ উপার্জনও তো করতে হবে, দিন দিন খরচ বাড়ছে। আরও বেশি করে আমার এখন কাজ চাই, যাতে স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে পারি। এখন যা খরচ হচ্ছে, তা ইনস্যুর্যান্স দিয়েও হবে না।” তাই বর্তমানে নতুন কাজের সুযোগ খুঁজছেন অভিনেতা। কোনও কাজকেই বর্তমানে তাঁর ‘না’ বলার মতো পরিস্থিতি নেই, জানান নিজেই।
শারিব আরও বলেছেন, “গত বছরটা আর্থিক দিক থেকে আমার জন্য ভাল ছিল না। এই বছরও এই ভাবে শুরু হল। এখনও আরও কাজ চাই। বেশ কিছু খরচসাপেক্ষ চিকিৎসা চলবে। আশা করছি, নিজের ক্ষমতাতেই আমি খরচ মেটাতে পারব।”
দুই সন্তান এই অবস্থায় কেমন আছে? শারিবের কথায়, “আমরা যৌথ ভাবে ওদের বুঝিয়েছি। ছেলে একটু বড়। তাই ও বুঝতে পারছে সবই। তবে এই পরিস্থিতি দেখেই ওরা নির্দিষ্ট সময়ের আগেই পরিণত হয়ে উঠবে।”