মা হওয়ার এক মাস পূর্ণ হল সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীর। ১১ জানুয়ারি, রবিবার সকালে মা হওয়ার সুখবর দেন অদিতি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। পুত্রসন্তানের জন্ম দেন গায়িকা। ১১ ফেব্রুয়ারি তাঁর মাতৃত্বের একমাস। ৩০ দিনে অনেক কিছু বদলে গিয়েছে। কবে মঞ্চে ফিরছেন গায়িকা?
আনন্দবাজার ডট কম-কে গায়িকা বললেন, “আমি কাজপ্রেমী মানুষ। সত্যিই অনেক কিছু বদলে গিয়েছে। এখন এই ছোট্ট মানুষের সময় অনুযায়ী সব করতে হয় আমাদের। তবে কাজ থেকেও দূরে থাকা খুব কঠিন। আমি এখন থেকেই একটু একটু করে বেরোতে শুরু করেছি। স্টুডিয়োর কাজ করছি। মার্চ বা এপ্রিলেই আসতে পারে নতুন গান। শুধু তা-ই নয়, শীঘ্রই মঞ্চে ফিরব আমি।”
জীবনে নতুন মানুষ এসেছে। দায়িত্ব বেড়েছে। সঙ্গীতজীবন, সন্তান-সংসার সেই সঙ্গে তাঁর আরও এক দায়িত্ব আছে। উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি। গায়িকা যোগ করলেন, “মা হওয়ার এই যাত্রায় আমার বিধানসভার মানুষদের অনেক সাহায্য পেয়েছি। পাশে ছিলেন ওঁরা। পরিবার তো থাকবেই, কিন্তু বাকিরাও যে ভাবে ছিলেন, তা অকল্পনীয়।” গায়িকা নিজের গানের ক্লাসও শুরু করে দিয়েছেন এর মধ্যে। তাঁর মতে, এত দিন যে ভাবে সামলাচ্ছেন, আশা করছেন আগামী দিনেও কোনও অসুবিধা হবে না।