দেবায়ন মুখোপাধ্যায়। এই মানুষটিই এখন তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেবায়ন, শ্রেয়া ঘোষালের দেড় বছরের ছেলে। তাকে ছাড়া এক মুহূর্ত থাকেন না গায়িকা। নিজের রিহার্সাল থেকে যে কোনও গানের অনুষ্ঠান, পুরোটাই পরিকল্পিত হয় খুদের কথা মাথায় রেখে। এই যেমন সম্প্রতি আমেরিকার ওকল্যান্ডে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন শ্রেয়া। সেই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেবায়ন।
এই প্রথম বার মায়ের কনসার্ট দেখা। সকাল থেকে গানের যন্ত্রপাতি নিজে হাতে পরখ করে নিচ্ছিল দেড় বছরের খুদে। সেই মুহূর্তগুলোই সুন্দর ভাবে ফ্রেমবন্দি করলেন মা শ্রেয়া। কখনও মনিটার দেখে নিচ্ছে দেবায়ন, কখনও আবার তবলায় তাল দিচ্ছে। আবার কখনও কি-বোর্ডে সুর ঠিক করে নিচ্ছে একরত্তি। ছেলেকে স্টেজে এই ভাবে দেখে রীতিমতো আবেগপ্রবণ গায়িকা।
আরও পড়ুন:
শ্রেয়া লিখলেন, “অবশেষে সেই মুহূর্ত এল। মায়ের কনসার্টে প্রথম বার এল দেবায়ন। আমার সঙ্গে স্টেজ ঘুরে দেখল। আমার সহকর্মীদের সঙ্গে মিলে সব যাচাই করে নিল। কি-বোর্ড, মনিটর, তবলা— সব কিছু নিয়েই উৎসুক ছিল সে। আমার গোটা পরিবার সঙ্গে ছিল। মা, বাবা, শিলাদিত্য, ছোট্ট দেবায়ন। ঈশ্বর দয়াময়।”
যদিও কনসার্টে এই প্রথম বার। কিন্তু এর আগেও শ্রেয়ার সঙ্গে গানের রিহার্সালে দেখা গিয়েছে দেবায়নকে। মায়ের মতো এই দেবায়নও কি আগামী দিনের সুপারস্টার? সেই উত্তর দেবে সময়।