Advertisement
E-Paper

পরিস্থিতি ঘোরালো! ইমপা-র সভাপতি পিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ প্রযোজকদের

প্রযোজক মিলন ভৌমিকের কথায়, ‘‘পিয়া সেনগুপ্তকে আমরা বিশ্বাস করি না। তাই অফিস সিল করার অনুরোধ জানিয়েছি আমরা।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:৩৪
পিয়া সেনগুপ্ত।

পিয়া সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সংগঠনের কিছু প্রযোজক। আনন্দবাজার ডট কম-কে মিলন ভৌমিক জানিয়েছেন, তাঁরা সংগঠনের সভাপতিকে বিশ্বাস করেন না। তাই অফিস সিল করার অনুরোধ জানানো হয়েছে লিখিত অভিযোগে।পাল্টা লিখিত অভিযোগ দায়ের ইমপা-রও। খবর, সংগঠনের লিখিত অভিযোগ গ্রহণের পর প্রযোজকদের লিখিত অভিযোগ নেবে বৌবাজার থানা। এমনই জানানো হয়েছে থানার পক্ষ থেকে।

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে কথা বলেছেন পিয়াও। তাঁর কথায়, ‘‘এটা গণতান্ত্রিক দেশ। সবার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতাও রয়েছে। তাই যাঁরা এই পদক্ষেপ করছেন, তাঁরা করতেই পারেন।’’

সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এ দিন সন্ধ্যা থেকেই ইমপা-র অফিসে উপস্থিত কৃষ্ণা দাগা, রতন সাহা, পীযূষ সাহা, শতদীপ সাহা, মিলন ভৌমিক-সহ এক ঝাঁক প্রযোজক। পিয়ার অভিযোগ, এঁরা নিজেদের বিজেপি দলের সমর্থক বলে দাবি করেন। 'জয় শ্রীরাম' ধ্বনি দেন। গেরুয়া আবিরও খেলেন। একই সঙ্গে পদত্যাগ দাবি করেন পিয়ার। জরুরি নির্বাচন দাবি করে বদল চান সংগঠনের সদস্যদেরও।

এর পরেই বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিবাদী প্রযোজকেরা। মিলনের কথায়, ‘‘পিয়া যে কোনও সময়, যে কোনও পদক্ষেপ করতে পারেন। এখানে অনেক জরুরি ফাইল রয়েছে। সেগুলোও রাতারাতি সরিয়ে দিতে পারেন। লিখিত অভিযোগে সে কথা জানিয়েই প্রশাসনের কাছে অনুরোধ, যেন অফিস সিল করে দেওয়া হয়। তা হলে পিয়া এবং তাঁর সহযোগীরা অফিসে ঢুকতে পারবেন না।’’

অফিস সিল হয়ে গেলে সংগঠনের কাজ চলবে কী করে? প্রশ্ন ছিল পিয়াকে। তাঁর কথায়, ‘‘সময় এর উত্তর দেবে।’’ সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করে আগামী দিনে আইনি পদক্ষেপের আভাস দেন তিনি।

EIMPA BJP Assembly Election TMC Piya Sengupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy