Advertisement
E-Paper

দুবাই ও আবু ধাবিতে আটকে সোনাল-ইশা! উত্তাল পশ্চিম এশিয়ায় ভারতের আর কোন তারকার ভয়াবহ অভিজ্ঞতা?

আমেরিকা ও ইজ়রায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিতেও ইরান প্রত্যাঘাত করছে। এই যুদ্ধ পরিস্থিতিতে কাঁপছে দুবাই, দোহাও। তার আঁচ এসে পড়েছে ভারতের বিনোদনজগতেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৪:২৬
পশ্চিম এশিয়ার দেশে আটকে সোনাল ও ইশা।

পশ্চিম এশিয়ার দেশে আটকে সোনাল ও ইশা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তাল পরিস্থিতি পশ্চিম এশিয়া জুড়ে। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিতেও ইরান প্রত্যাঘাত করছে বলে খবর। এ হেন যুদ্ধ পরিস্থিতিতে কাঁপছে দুবাই, দোহাও। এর আঁচ এসে পড়েছে ভারতের বিনোদনজগতেও। অভিনেত্রী সোনাল চৌহান আটকে রয়েছেন দুবাইয়ে। দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়েছেন তিনি।

পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিমান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। যার ফলে দুবাইয়েই আটকে রয়েছেন সোনাল। ফিরে আসার উপায় খুঁজে পাচ্ছেন না। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রীজি, বর্তমান পরিস্থিতির জন্য আমি দুবাইয়ে আটকে রয়েছি। উড়ান বাতিল হয়ে যাচ্ছে। দেশে কখন ফেরা সম্ভব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। নিরাপদে যাতে ঘরে ফিরতে পারি, তার জন্য সরকারের কাছে সহায়তা চাইছি।” আগাম কৃতজ্ঞতাও জানিয়েছেন ‘জন্নত’ ছবির অভিনেত্রী।

আবু ধাবিতে আটকে রয়েছেন ইশা গুপ্ত। তবে সেখানে আপাতত তিনি সুরক্ষিত বলে জানিয়েছেন। অনুরাগীরা ‘জন্নত ২’ ছবির এই অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। একাধিক ফোন ও বার্তা গিয়েছে তাঁর কাছে। তাই সমাজমাধ্যমে সকলকে আশ্বস্ত করে ইশা লেখেন, “অনেকেই খোঁজ নিয়েছেন, উত্তর দিতে না পারার জন্য দুঃখিত। আমরা নিরাপদে আছি। সময়টা কঠিন ও ভয়ঙ্কর। ঈশ্বর আছেন আমাদের রক্ষা করার জন্য।”

ইশা আরও জানান, মোদী সরকারের উপর তাঁর আস্থা রয়েছে। তাই নিরাপদে ফিরবেন বলেই তাঁর বিশ্বাস। তিনি লেখেন, “যাঁদের উপর এই কঠিন পরিস্থিতির আঁচ পড়ছে, তাঁদের জন্য প্রার্থনা করছি। সবাই নিরাপদে থাকুন। আশা করি দ্রুত ঘরে ফিরতে পারব।”

দুবাইয়ে রয়েছেন বিতর্কিত অভিনেতা কমল আর খান তথা কেআরকে-ও। বিমান হানার জেরে সারা রাত গোটা পরিবার ঘুমোতে পারেনি বলে সমাজমাধ্যমে লেখেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে অনবরত নিজের নানা মতামত ভাগ করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “সারা রাত দুবাইয়ে আমার পরিবার ঘুমোতে পারেনি বিস্ফোরণ আর বিমান হানার শব্দে। দুবাইয়ে বসবাসকারী সমস্ত নাগরিকের জন্য পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে।”

কাতারে ছিলেন ‘সিকন্দর’ ছবির সঙ্গীত পরিচালক সন্তোষ নারায়ণ। তাঁর বক্তব্য, কোনওমতে বেঁচে গিয়েছেন তিনি। কাতার বিমানবন্দর বন্ধ হওয়ার ঠিক আগেই ছিল তাঁর উড়ান। তা না হলে তিনিও আটকে পড়তেন। সন্তোষের বক্তব্য, “বিমানবন্দরগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগেই ছিল আমার উড়ানটি।” কাতার থেকে আমেরিকা গিয়েছেন তিনি।

দুবাইয়ে গিয়ে দক্ষিণী অভিনেতা বিষ্ণু মানচুরও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন। দুবাইয়ের আকাশে নাকি ক্ষেপণাস্ত্র উড়তে দেখেছেন তিনি। সেখানে পরিবার রয়েছে বিষ্ণুর। তিনি বলেছেন, “সারা বাড়ি কেঁপে উঠছে বিস্ফোরণের শব্দে। শান্তির জন্য প্রার্থনা করছি। এ সব ঘটনাই মনে করিয়ে দেয়, আমাদের জীবন কত অনিশ্চিত। সকলে নিরাপদে থাকুন।”

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজ়রায়েল ও মার্কিন ফৌজ। রাজধানী তেহরান-সহ একাধিক শহরে আছড়ে পড়ে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এই আক্রমণের বেশ কয়েক ঘণ্টা পরে গণমাধ্যমের কাছে মুখ খোলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেন, ‘‘খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে নিশানা করেছিল আমাদের যৌথ বাহিনী। আর তাতেই প্রাণ হারিয়েছেন সেখানকার সর্বোচ্চ নেতা।’’

Iran Sonal Chauhan Esha Gupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy