২০ জুলাই সান দিয়েগোর কমিক কন-এ মুক্তি পেয়েছে ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির প্রথম ঝলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কমল হাসন এবং রানা দগ্গুবাটি। তবে ছিলেন না দীপিকা পাড়ুকোন। এ দিকে সশরীরে উপস্থিত না থাকলেও আলোচনা চক্রে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন অমিতাভ বচ্চন।
প্রথমে বেশ ভালই চলছিল। দু’জনের মুখে একে অপরের প্রশংসাই শোনেন শ্রোতারা। এমনকি কমলকে থামিয়ে দিয়ে অমিতাভ বলেন, ‘‘এতটা বিনয়ী হওয়ার প্রয়োজন নেই, কমল। অভিনয়ের দিক থেকে তুমি আমাদের থেকে অনেক এগিয়ে।’’ এর পরেই বিগ বি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘‘কমল যে ধরনের কাজ করেছে, সেটা অর্জন করা খুবই কঠিন।’’
এর পরেই কমল অমিতাভের কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘শোলে’-এর প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, ‘‘আমি এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম। কিন্তু ছবিটা দেখে এতটাই খারাপ লাগে যে, সেই রাতে আমি ঘুমোতে পারিনি।’’ এরই সঙ্গে কমল জানান, ছবির পরিচালক রমেশ সিপ্পির প্রতিও তিনি ক্ষুব্ধ হন। কমল জানান, পরবর্তী সময়ে এই ছবি নিয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া পরিচালককে জানিয়েওছিলেন। কমল বলেন, ‘‘একজন টেকনিশিয়ান হিসেবে সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আর অমিতজি এরকম অনেক ছবিই করেছেন। তাঁর মুখ থেকে আমার ছবি নিয়ে ভাল ভাল কথা শুনব, এটা কোনও দিন কল্পনাও করিনি।’’
আরও পড়ুন:
এক দিকে দক্ষিণী সুপারস্টার প্রভাস, অন্য দিকে, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের মতো তাবড় দুই বলিউড অভিনেতা। এই ত্রয়ীকে নিয়ে ছবি ‘প্রজেক্ট কে’। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনের ছবিতে একসঙ্গে কাজ করছেন তিন তারকা। ছবিতে খল চরিত্রে যোগ দিয়েছেন দক্ষিণী তারকা কমল হাসনও। ‘কল্কি: ২৮৯৮ এডি’ মুক্তি পাবে আগামী বছর।