অভিনেত্রী রাজনন্দিনী পালকে শেষ দেখা গিয়েছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে। তার পরে বড়পর্দায় তাঁকে দেখা গিয়েছে। এখন শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, মহিলাকেন্দ্রিক চরিত্রে ফিরবেন ছোটপর্দায়। ধারাবাহিকের নাম ‘কল্যাণী’।
ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা, স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিকে দেখা যাবে রাজনন্দিনীকে। সত্যি কি তাই? অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, পুরোটাই ভুল খবর রটানো হচ্ছে। এই মুহূর্তে কোনও নতুন কাজ শুরুর সিদ্ধান্ত নাকি নেননি রাজনন্দিনী। যদি নতুন কোনও ধারাবাহিকে অভিনয় শুরু করেন, তা হলে অবশ্যই তিনি নিজেই জানাবেন। কিন্তু যা যা রটানো হচ্ছে, সেটা একেবারেই সঠিক তথ্য নয় বলে দাবি ঘনিষ্ঠ মহলের।
আগামী দিনে কি ছোটপর্দায় দেখা যাবে রাজনন্দিনীকে? নাকি আপাতত ওয়েব সিরিজ়, সিনেমায় মন দেবেন? সে কথা অবশ্য জানান যায়নি। শুধু ছোটপর্দায় নয়, রুপোলি পর্দাতেও একের পর কাজ করেছেন অভিনেত্রী। শেষ মুক্তি পাওয়া কাকাবাবুর ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। ছোটপর্দাতেও তাঁর অভিনীত ধারাবাহিক টিআরপি প্রতিযোগিতায় ভাল নম্বরই পেয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথাতেই বন্ধ হয়ে যায় সেই কাহিনি। শিল্পীদের একাংশের মনে হয়েছিল, সম্প্রচারের সময় বদলে যাওয়ার কারণেই নম্বর কমে গিয়েছে ধারাবাহিকের। এর পরে কি রাজনন্দিনীকে দেখা যাবে ধারাবাহিকে? সেটাই দেখার অপেক্ষায় দর্শক।